[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসা হত্যা মামলা: ফরেনসিক রিপোর্ট হাতে, আজই আদালতে চার্জশিট দাখিলের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে ২০২৬ ৮:০৪ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট আজ রোববার (২৪ মে)

 আদালতে দাখিল করা হতে পারে। মামলার ডিএনএ প্রোফাইলিং, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পাওয়ার পর তদন্ত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ জানিয়েছেন, ফরেনসিক প্রতিবেদনগুলো বর্তমানে ঊর্ধ্বতন কর্মকর্তারা যাচাই-বাছাই করছেন এবং সবকিছু ঠিক থাকলে আজই আদালতে এই চার্জশিট জমা দেওয়া হবে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানও সিআইডি ল্যাব থেকে সমস্ত ফরেনসিক রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

​গত ২১ মে রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত রামিসার বাসভবন পরিদর্শন করেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন যে, রোববারের মধ্যে এই হত্যাকাণ্ডের চার্জশিট আদালতে পেশ করা হবে। অন্যদিকে, শনিবার মহাখালীতে এক কর্মশালা শেষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, ঈদের আগে চার্জশিট দাখিল সম্পন্ন হলে ঈদের পরপরই এই মামলার বিচারিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে। সরকার রামিসার মামলার পাশাপাশি অন্যান্য ধর্ষণ মামলাগুলোও অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে তিনি উল্লেখ করেন।

​উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ, যা দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ঘটনার পরদিন ২০ মে মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তদন্ত সূত্র জানায়, আসামি কৌশলে শিশুটিকে একটি কক্ষে নিয়ে এই অপরাধ সংঘটন করে এবং পরবর্তীতে আলামত নষ্টের চেষ্টা চালিয়ে পালিয়ে যায়। গ্রেফতারের পর আসামি সোহেল রানা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন, যার প্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসআর

সম্পর্কিত খবর