[email protected] রবিবার, ১৭ মে ২০২৬
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

হামের টিকা কর্মসূচি বাতিল: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে ২০২৬ ১২:৫৮ পিএম

সংগৃহীত ছবি

দেশে আড়াই দশকের বেশি সময় ধরে চলমান হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ আখ্যা দিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ

 ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি দায়ের করেন, যেখানে হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়ায় জড়িতদের খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের আর্জি জানানো হয়েছে। রিটে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল একই বিষয়ে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির অনুরোধ জানিয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল এবং কোনো পদক্ষেপ না নেওয়ায় এই রিট দায়ের করা হয়েছে বলে জানান আইনজীবী। ব্যারিস্টার আশরাফুল ইসলাম উল্লেখ করেন, দেশে বর্তমানে হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার ফলে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই গুরুতর পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ ২৪ জনের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর