[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসা ধর্ষণ-হত্যা মামলায় ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে ২০২৬ ১:২৮ পিএম

শিশু রামিশা ও আসামি সোহেল রানা

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) আইনমন্ত্রী বলেন, ঘটনাটির বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।


গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়।


ঘটনার পর স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। পরে আত্মগোপনে থাকা সোহেল রানাকেও গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্য আসামিকে এখনও শনাক্ত করা যায়নি।


মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান আসামি সোহেল রানা শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও সম্মতি দিয়েছেন।


এদিকে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রামিসার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা গ্রামের বাড়িতে তাকে দাফন করেন।

এসআর

সম্পর্কিত খবর