[email protected] শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক!

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ ৩:০৫ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক।

তার দাবি, বাংলাদেশে দুর্নীতির অভিযোগে করা মামলার কারণে যুক্তরাজ্য সরকারের মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি।

এ ঘটনায় ড. ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের সম্ভাবনা খতিয়ে দেখছেন টিউলিপ।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ছিল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে তিনি নিজের পরিবারের জন্য পূর্বাচলে একটি সরকারি প্লট বরাদ্দ পেতে খালার প্রভাব কাজে লাগিয়েছিলেন।

এ অভিযোগে করা দুর্নীতি মামলায় ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। একই মামলায় আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়। তবে টিউলিপ শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। লন্ডনে বসবাস করায় বাংলাদেশের এই রায় কার্যকরের বিষয়টিও অনিশ্চিত।

এর আগে ২০২৫ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে মন্তব্য করেন।

একই সঙ্গে তিনি দাবি করেন, শেখ হাসিনা ও ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের পরোক্ষ প্রভাব তার ওপর পড়েছে।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে টিউলিপ নিজেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার বলে দাবি করেন। তিনি জানান, এ বিষয়ে একজন আইনজীবীর সঙ্গে আলোচনা করেছেন।

ওই আইনজীবীর পরামর্শ অনুযায়ী, ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার মতো যথেষ্ট ভিত্তি থাকতে পারে বলে তাকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে বিভিন্ন দিক পর্যালোচনা করছেন বলেও জানান তিনি।

টিউলিপের অভিযোগ, তার বিরুদ্ধে আনা মামলার সুনির্দিষ্ট অভিযোগ ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে একাধিকবার চেষ্টা করেও বাংলাদেশের সরকারের কাছ থেকে কোনো ব্যাখ্যা পাননি। তার আইনজীবীদের পাঠানো চিঠিরও জবাব দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

এ ছাড়া লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসকে হাতে লেখা চিঠি পাঠানোর কথাও জানান টিউলিপ। তার ভাষ্য, সরাসরি সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করলেও ইউনূস তার সঙ্গে দেখা করতে রাজি হননি।

নিজের বিরুদ্ধে দেওয়া রায় সম্পর্কে টিউলিপ বলেন, কী অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সে বিষয়ে তার স্পষ্ট ধারণা ছিল না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের ব্রেকিং নিউজ দেখেই প্রথম সাজা ঘোষণার খবর জানতে পারেন বলে দাবি করেন তিনি।

বিতর্কের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও উল্লেখ করেন টিউলিপ। তার দাবি, যুক্তরাষ্ট্র সফরকালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় স্টারমার তাকে বার্তা পাঠিয়েছিলেন। তবে টিউলিপকে ঘিরে যুক্তরাজ্যে রাজনৈতিক চাপ ও সমালোচনা বাড়তে থাকায় শেষ পর্যন্ত তাকে মন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়।

এদিকে, টিউলিপের অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করেছিল দ্য গার্ডিয়ান। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সূত্র: দ্য গার্ডিয়ান

এ/এইচ/টি

সম্পর্কিত খবর