[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

ইলেকট্রনিক জ্যামিংয়েও সফল তুরস্কের আকিঞ্চি ড্রোনের অস্ত্র পরীক্ষা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ৫:৫০ পিএম

সংগৃহীত ছবি

ইলেকট্রনিক জ্যামিংয়ের মতো প্রতিকূল পরিস্থিতিতেও লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা প্রদর্শন করেছে তুরস্কের আকিঞ্চি যুদ্ধ ড্রোন।

সম্প্রতি দুটি বাঙ্কারবিধ্বংসী নিয়ন্ত্রিত গোলাবারুদ নিক্ষেপের মাধ্যমে এ পরীক্ষা সম্পন্ন করে ড্রোনটি। পরীক্ষায় ব্যবহার করা হয় তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসানের তৈরি টিওএলইউএন-পি গাইডেড মিউনিশন।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কারের চেয়ারম্যান সেলচুক বায়রাকতার সামাজিক যোগাযোগমাধ্যম এনসোশালে পরীক্ষার ভিডিও প্রকাশ করেন। সেখানে ইলেকট্রনিক সংকেতের বাধা থাকা অবস্থায় আকিঞ্চি থেকে দুটি টিওএলইউএন-পি গোলাবারুদ নিক্ষেপের বিষয়টি তুলে ধরা হয়।

 

এ পরীক্ষার তথ্য শেয়ার করে আসেলসানের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেত আকিওল বাঙ্কার ভেদ করতে সক্ষম টিওএলইউএন-পি গোলাবারুদের কার্যকারিতার কথা উল্লেখ করেন। পাশাপাশি তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি খাতে আসেলসান ও বায়কারের যৌথ উদ্যোগের বিষয়টিও তুলে ধরেন তিনি।

 

আকিওলের ভাষ্য, নিজস্ব প্রযুক্তিতে তৈরি চালকবিহীন আকাশযানের সক্ষমতা বাড়াতে তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এসব প্রযুক্তি সামরিক কার্যক্রম ও যুদ্ধের প্রচলিত কৌশলে পরিবর্তন আনছে বলেও মন্তব্য করেন তিনি।

 

উল্লেখ্য, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে দীর্ঘদিন ধরে কাজ করছে তুরস্ক। আকিঞ্চি ড্রোনের সর্বশেষ পরীক্ষাকে দেশটির ড্রোন প্রযুক্তির অগ্রগতি এবং প্রতিকূল পরিবেশে সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এফ/ডি

সম্পর্কিত খবর