নিরাপত্তাঝুঁকি এবং কনস্যুলার সেবা প্রদানের সীমাবদ্ধতার কারণ দেখিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর
আফ্রিকার ছয়টি দেশে নিজস্ব নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
দেশগুলো হলো— ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে এই ৬টি দেশ বর্তমানে তাদের ভ্রমণের সর্বোচ্চ সতর্কতা ‘লেভেল-৪’ তালিকায় রয়েছে। এই সতর্কতার স্পষ্ট অর্থ হলো— কোনো অবস্থাতেই এসব দেশে ভ্রমণ করা যাবে না।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের পোস্টে বলা হয়, স্থানীয় অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি এবং দুর্যোগের মুহূর্তে মার্কিন নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতা বিবেচনা করেই এই লেভেল-৪ লাল সতর্কতা জারি রাখা হয়েছে। একই সঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়, ‘এসব এলাকা অত্যন্ত বিপজ্জনক, তাই কোনো কারণেই সেখানে যাওয়া উচিত হবে না।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নির্দেশিকার সবচেয়ে কঠোর স্তর হলো ‘লেভেল-৪’। এই সতর্কতা দেওয়া হলে মার্কিন নাগরিকদের সংশ্লিষ্ট অঞ্চলে যাওয়া থেকে পুরোপুরি বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
বর্তমানে উল্লিখিত ৬টি দেশ ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ বিশ্বের মোট ২৩টি দেশ যুক্তরাষ্ট্রের এই সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
এইচ/এম