[email protected] শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

ইরান যুদ্ধ থামানোর চেষ্টা, জেডি ভান্সকে ‘সাইড’ করে দিলেন ট্রাম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ৯:৫৯ পিএম

সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাতে দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে সরাসরি কথা

 বলার প্রস্তুতি নিচ্ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, কাতারের রাজধানী দোহাকে ভান্স ও মোহসেন রেজাইয়ের সম্ভাব্য সাক্ষাৎস্থল হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

​এর ঠিক একদিন পরই ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে ‘সাইড’ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় জানান, ভান্সকে শুধুমাত্র বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির দুর্নীতির ওপর নজর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কোনো চুক্তিরও প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।

​সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এর মাধ্যমে ট্রাম্প ভান্সকে পররাষ্ট্রবিষয়ক বিষয়গুলো থেকে দূরে সরিয়ে দিয়েছেন। ফলে যুদ্ধ থামানোর যে চেষ্টা ভান্স করছিলেন, তা থমকে গেল।

​ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়, গত কিছুদিন ধরে ট্রাম্প তার ঘনিষ্টজনদের কাছে প্রশ্ন তুলছেন—গত জুনে ইরানের সঙ্গে ভান্সের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি মারাত্মক কোনো ভুল ছিল কি না। ট্রাম্পের মতে, এই বিরতির সুযোগ নিয়ে ইরান নিজেদের আবারও পুনর্গঠিত করার সুযোগ পাচ্ছে এবং নৌ-অবরোধ আরোপের আগেই বিপুল পরিমাণ তেল বিক্রি করে অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছে।

​গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভরাডুবি ঘটে। এই পরাজয়ের জন্য ভান্স ইরান যুদ্ধকে দায়ী করেন। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়েও নতুন করে ভাবার তাগিদ দেন তিনি।

​এরপর থেকেই ভান্স ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের কথা মাথায় রেখে যুদ্ধ থামানোর তৎপরতা বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প তাকে পররাষ্ট্র কার্যক্রম থেকে সরিয়ে দিলেন।

এইচ/এম

সম্পর্কিত খবর