[email protected] মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩

তুরস্কে ইস্পাত কারখানায় ক্রেন দুর্ঘটনায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬ ৯:১১ এএম

সংগৃহীত ছবি

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগার হাবাস ডেমির সেলিক লোহা ও

 ইস্পাত কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

​বিবিসির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) দুপুরে কারখানাটিতে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে একটি ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর চেষ্টা করা হচ্ছিল। এ সময় ক্রেনটি হঠাৎ ভেঙে পড়ে এবং এর সঙ্গে থাকা সরঞ্জাম নিচের একটি উত্তপ্ত বৈদ্যুতিক আর্ক ফার্নেসে (চুল্লি) আছড়ে পড়লে এই বিকট বিস্ফোরণের সৃষ্টি হয়।

​তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রথমে নিহতের সংখ্যা ১৬ জন বলে নিশ্চিত করলেও পরবর্তীতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যাওয়ায় প্রাণহানি বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

​ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে এবং জোর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর পরই আইনি পদক্ষেপ হিসেবে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

​নিহত ও আহত শ্রমিকরা সবাই দেশটির অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান হাবাস ডেমির সেলিক কারখানার কর্মী। স্বাধীন পর্যবেক্ষণ সংস্থা 'তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ' এই ঘটনার পর দেশটিতে কর্মক্ষেত্রের দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও নিয়মিত দুর্ঘটনার বিষয়টি আবারও সামনে এনেছে।

এইচ/এম

সম্পর্কিত খবর