[email protected] বৃহঃস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধু পুতিন যা পাননি, সেই বিরল সম্মাননা ট্রাম্পকে দিলেন জিনপিং

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬ ৭:৫২ পিএম

সংগৃহীত ছবি

চীনে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির

 প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (১৮ নভেম্বর) বিমানবন্দরে ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান জিনপিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে চীনে পৌঁছান ট্রাম্প।

​ধারণা করা হচ্ছে, এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শি জিনপিং এই প্রথম চীনে আগত কোনো বিদেশি নেতাকে অভ্যর্থনা জানাতে নিজে উপস্থিত হলেন। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও কখনো অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যাননি জিনপিং।

​গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় সফরে যাওয়া জিনপিংকে নিজে অভ্যর্থনা জানান ট্রাম্প। বুধবারের এই অভ্যর্থনার মধ্য দিয়ে জিনপিং সেই সৌজন্যেরই প্রতিদান দিলেন। সে সময় দুই দলের আইনপ্রণেতারা ট্রাম্পের ওই পদক্ষেপের সমালোচনা করেছিলেন। মার্কিন প্রেসিডেন্টদের ক্ষেত্রেও এ ধরনের ঘটনা বিরল।

​চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছালে জিনপিং তার সফরের কথা উল্লেখ করেন। এ সময় তিনি ওয়াশিংটনের বাইরে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে গিয়ে তাকে স্বাগত জানানো মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিশেষ সফরের কথা স্মরণ করেন।

​সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ‘চীন এমন একটি দেশ, যারা সৌজন্যকে গুরুত্ব দেয় এবং শুভেচ্ছার প্রতিদানে শুভেচ্ছা জানানোর ঐতিহ্য রয়েছে।’

​ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর দুই নেতার করমর্দন একপর্যায়ে সংক্ষিপ্ত আলিঙ্গনে রূপ নেয়। এ সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল সামরিক বাহিনীর বিভিন্ন দল এবং উজ্জ্বল গোলাপি ও ফিরোজা রঙের পোশাক পরা শিল্পীরা। একটি সামরিক ব্যান্ডে যুক্তরাষ্ট্র ও চীনের জাতীয় সংগীত বাজানো হয়। নৃত্যশিল্পীরা ফুল, পমপম এবং চীন ও যুক্তরাষ্ট্রের পতাকা নাড়িয়ে তাদের স্বাগত জানান।

​ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের উত্তর-পূর্ব এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক উইলিয়াম ইয়াং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, বুধবার জিনপিংয়ের এই পদক্ষেপের পেছনে সম্ভবত ট্রাম্পের প্রতি সম্মান প্রদর্শনের ইচ্ছা কাজ করেছে। কারণ, ট্রাম্প এ ধরনের সম্মান পছন্দ করেন বলে চীনা সরকার জানে।

​তিনি বলেন, ‘আগামী কয়েক মাসে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সম্ভাব্য অস্থির সময়ের আগে জিনপিং ও ট্রাম্পের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টাও এর একটি কারণ হতে পারে।’

​গত মে মাসে ট্রাম্পের সর্বশেষ চীন সফরের সময় বেইজিং বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।

​জিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা পুতিন বুধবার পর্যন্ত তার সঙ্গে ৫০ বার বৈঠক করেছেন। তবে শেনজেন বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর চীনের নেতা তাকে ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানাতে উপস্থিত হননি। পুতিনকে স্বাগত জানান জিনপিংয়ের ঘনিষ্ঠ উপদেষ্টা ও পলিটব্যুরো স্থায়ী কমিটির সদস্য চাই ছি।

​এ সপ্তাহে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতিগুলোর সম্মেলনে যোগ দিতে শেনজেনে জড়ো হয়েছেন বিভিন্ন দেশের নেতারা। তাদের মধ্যে পুতিনও রয়েছেন। এ উপলক্ষে শি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেছেন।

​শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প ও জিনপিং।

​সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার নজিরবিহীন এক ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন ট্রাম্প, পুতিন ও জিনপিং।

​বুধবার জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে পুতিন বলেন, ত্রিপক্ষীয় আলোচনায় ‘বড় ধরনের সম্ভাব্য সুফল’ রয়েছে বলে তিনি আশা করছেন। এই বৈঠক ইউক্রেন, ইরান এবং চীনের দাবিকৃত দ্বীপ তাইওয়ানের মতো বিভিন্ন স্থানে উদ্বেগ তৈরি করেছে। এসব অঞ্চলের কর্মকর্তারা আশঙ্কা করছেন, বিশ্বের তিন প্রভাবশালী নেতা তাদের সঙ্গে আলোচনা না করেই তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

​গত সপ্তাহে এক সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ত্রিপক্ষীয় বৈঠক থেকে কোনো ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা কম। সূত্র: এনবিসি নিউজ

এইচ/এম

সম্পর্কিত খবর