কারাগারের নির্জন প্রকোষ্ঠে দিন কাটছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের।
নিজের শারীরিক অবস্থার অবনতি, স্ত্রীর দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা এবং চিকিৎসা না পাওয়ার অভিযোগ এনে এবার দেশটির তিনটি আদালতের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক।
খোলা চিঠিতে নিজের শারীরিক ঝুঁকির কথা জানিয়ে দ্রুত চিকিৎসার আবেদন করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। তার আশঙ্কা, এভাবে চলতে থাকলে হয়তো আর জীবিত ঘরে ফিরতে পারবেন না তিনি। সোমবার ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট, সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে চিঠিটি লেখেন ইমরান।
নিজের ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ হারানোর কথাও চিঠিতে উল্লেখ করেছেন ইমরান।
পাশাপাশি অনিয়ন্ত্রিত রক্তচাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তার দাবি, গত ১০ নভেম্বর রক্তচাপ ১৯২ ও ১৯৩ পর্যন্ত উঠেছিল। চিকিৎসকেরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকির কথা জানিয়েছেন। ইমরানের ভাষায়, ‘৭৪ বছর বয়সে এই অবিরাম পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো জীবিত ফিরতে পারব না।’
এইচ/এম