[email protected] মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা ভাগাভাগির খবর অস্বীকার করল আইজেনকোটের দল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬ ১১:২৭ এএম

সংগৃহীত ছবি

ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে প্রধানমন্ত্রীর পদ

 ভাগাভাগির কোনো প্রস্তাব বিবেচনা করছে না বলে স্পষ্ট জানিয়েছে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটের দল ‘ইয়াশার’। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনার টেবিলে একমাত্র প্রস্তাব হলো—নেতানিয়াহুর লিকুদ পার্টিকে আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারে এসে যোগ দিতে হবে।

​টাইমস অব ইসরাইলকে দেওয়া এক বক্তব্যে দলটি তাদের এই অবস্থান পরিষ্কার করে।

​এর আগে আর্মি রেডিওর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, লিকুদ পার্টির সঙ্গে ক্ষমতা ভাগাভাগির একটি প্রস্তাব বিবেচনা করছে ইয়াশার। শর্ত হিসেবে প্রথমে আইজেনকোট এবং পরে দুই দলের মধ্যে পালাক্রমে প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগি হতে পারে বলে জানানো হয়েছিল। তবে ইয়াশার জানিয়েছে, এ ধরনের খবরের কোনো সত্যতা নেই।

​আইজেনকোটের সরকারের শর্তসমূহ:

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে হলে যেকোনো দলকে তাদের চারটি মৌলিক নীতি মেনে চলতে হবে:

​ইসরাইলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া।

​দেশটির স্বাধীনতার ঘোষণাপত্র মেনে চলা।

​সবার জন্য বাধ্যতামূলক সামরিক অথবা বেসামরিক সেবা নিশ্চিত করা।

​হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের সামরিক ও শাসনক্ষমতা বিলুপ্ত করার প্রতিশ্রুতি দেওয়া।

​পাশাপাশি সম্ভাব্য জোটসঙ্গীদের উগ্রপন্থিদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে বলেও শর্ত জুড়ে দিয়েছে দলটি। ধারণা করা হচ্ছে, এই শর্তের মাধ্যমে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কট্টর ডানপন্থি দল ‘ওতজমা ইহুদিত’-কে ইঙ্গিত করা হয়েছে।

এইচ/এম

সম্পর্কিত খবর