[email protected] সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬ ৪:৪০ এএম

সংগৃহীত ছবি

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে সরাসরি কোনো অবস্থান জানায়নি যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের ওপর ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে দেশটি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, বিষয়টি বাংলাদেশের জনগণেরই সিদ্ধান্ত নেওয়ার বিষয়। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ওয়াশিংটন আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

এর আগে গত জুলাইয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণের উদ্দেশ্যে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

তবে সম্প্রতি রয়টার্সের আরেক প্রতিবেদনে তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার বিষয়টি প্রকাশ্যে আসে।

এদিকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে প্রশ্নের জবাবে বরাবরই আইনি প্রক্রিয়ার বিষয়টি সামনে এনেছে।

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ই-মেইলে দেওয়া জবাবে বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে।

একই বার্তায় তিনি আরও বলেন, বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র। দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেওয়াই ওয়াশিংটনের লক্ষ্য।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর