[email protected] সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নিয়োগ, আবেদনের নিয়ম জানুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ২:০০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশিসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য বড় পরিসরে কাজের সুযোগ তৈরি করছে ইতালি।

২০২৭ সালে বিভিন্ন খাতে বিদেশি কর্মী নেওয়ার জন্য ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জনের নিয়োগ কোটা ঘোষণা করেছে দেশটির সরকার। কৃষি, পর্যটন, গৃহস্থালি ও অন্যান্য পেশায় এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।

 

ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের সমন্বিত সিদ্ধান্তে এ কোটা নির্ধারণ করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশাজীবী হিসেবে কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের জন্য নির্ধারিত কোটার মধ্যে ১৪ হাজার পদ রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাতে।

 

আবেদনের প্রক্রিয়া

ইতালিতে কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের দেশটির প্রচলিত অভিবাসন নীতিমালা মেনে আবেদন করতে হবে। এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে ‘ফ্লো ডিক্রি’র আওতায়। আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হয়।

 

২০২৭ সালের কর্মী নিয়োগের জন্য প্রাথমিক আবেদনসংক্রান্ত তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে ২৩ অক্টোবর। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এজন্য ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল ব্যবহার করতে হবে।

 

তবে আবেদন জমা দেওয়ার দায়িত্ব মূলত ইতালির নিয়োগকর্তার। অর্থাৎ, দেশটির কোনো বৈধ প্রতিষ্ঠান বা নিয়োগকর্তাকে বিদেশি কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়ে আবেদন করতে হবে। এ সময় সম্ভাব্য চাকরির প্রস্তাব, কাজের চুক্তি, পাসপোর্টের অনুলিপি এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য জমা দিতে হবে।

 

বিনা খরচে দক্ষতা উন্নয়নের সুযোগ

বিদেশি কর্মীদের কাজের উপযোগী করে গড়ে তুলতে প্রশিক্ষণ কার্যক্রমও চালু করা হচ্ছে। এ ব্যবস্থায় প্রশিক্ষণের খরচ বহন করবে সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে প্রশিক্ষণ গ্রহণের জন্য কর্মীদের নিজস্ব অর্থ ব্যয় করতে হবে না।

 

ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির মাধ্যমে অর্থ লেনদেনের সুযোগ নেই। এ ধরনের লেনদেনের সঙ্গে জড়িত হলে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

 

নিয়োগদাতার প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ

রাষ্ট্রদূতের তথ্য অনুযায়ী, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে এসব প্রশিক্ষণ প্রকল্প পরিচালিত হচ্ছে। কোন খাতে কতজন কর্মী প্রয়োজন, তা প্রথমে ইতালির নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো নির্ধারণ করবে। এরপর তাদের চাহিদা বিবেচনায় প্রশিক্ষণ কর্মসূচি তৈরি, উপযুক্ত প্রশিক্ষণার্থী নির্বাচন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

 

প্রতারণা এড়াতে সতর্কতা

ইতালিতে চাকরির সুযোগকে কেন্দ্র করে প্রতারণার আশঙ্কা থাকায় আগ্রহীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভিসা নিশ্চিত করা কিংবা চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেউ টাকা চাইলে এ ধরনের প্রস্তাবে সাড়া না দেওয়াই ভালো।

 

আবেদনের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য তথ্য জানতে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে।

এ ক্ষেত্রে মনে রাখতে হবে, নিয়োগ কোটায় নাম থাকলেই সরাসরি ভিসা পাওয়া নিশ্চিত নয়। বৈধ নিয়োগকর্তার মাধ্যমে আবেদন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং প্রয়োজনীয় অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ইতালিতে কাজের সুযোগ মিলবে।

এফ/ডি

সম্পর্কিত খবর