ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্তত ৪ লাখ ৫০ হাজার নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই
দেশটির সশস্ত্র বাহিনীর সদস্য। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া নথিপত্র বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) এ তথ্য প্রকাশ করেছে। গত আগস্ট মাস পর্যন্ত সময়ের হিসাব বিবেচনায় নিয়ে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের তালিকায় চার হাজারেরও বেশি বিদেশি নাগরিক রয়েছেন। এদের মধ্যে উজবেকিস্তান, তাজিকিস্তান, নেপাল, কলম্বিয়া এবং নাইজেরিয়ার নাগরিকরাও আছেন, যারা রাশিয়ার হয়ে রণাঙ্গনে অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
গত ১ নভেম্বর বেলারুশের ‘সাইবার পার্টিজানস’ ও ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’ নামের দুটি হ্যাকার গোষ্ঠী রসস্ট্যাটের নেটওয়ার্কে অনুপ্রবেশের দাবি করে এসব গোপন নথি জনসমক্ষে আনে। পরবর্তীতে তথ্যগুলো বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হাতে পৌঁছে দেওয়া হয়।
অন্যদিকে, রসস্ট্যাট কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে তাদের সিস্টেমে সাইবার আক্রমণ চালানো হয়েছিল। তবে সংস্থাটির দাবি, তাদের তথ্যভান্ডার থেকে কোনো সংরক্ষিত তথ্য চুরি বা ফাঁস হওয়ার প্রমাণ মেলেনি।
ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে দেখা গেছে, মৃত্যুর তথ্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হতে কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যায়। বিলম্বে নথিভুক্ত হওয়া মৃত্যুর হিসাব যোগ করা হলে গত আগস্ট পর্যন্ত প্রকৃত নিহতের সংখ্যা প্রায় ৫ লাখ ৫০ হাজারে গিয়ে দাঁড়াতে পারে। ফাঁস হওয়া নথিতে প্রায় ৪ লাখ ১০ হাজার মৃত্যুকে সরাসরি যুদ্ধের সঙ্গে সম্পর্কিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পাশাপাশি যুদ্ধে অংশ নেওয়ার উপযোগী বয়সী আরও ৪২ হাজার পুরুষের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যাদের মরদেহ উদ্ধার করা সম্ভব না হলেও আদালতের রায়ের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ ছাড়া ফিন্যান্সিয়াল টাইমসের নিজস্ব অনুসন্ধানে সম্মুখযুদ্ধের এলাকা বা এর আশপাশে নিহত আরও ১২ হাজার ব্যক্তির তথ্য উঠে এসেছে। সব হিসাব মিলিয়ে নিহতের সংখ্যা কমপক্ষে ৪ লাখ ৫০ হাজার বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনের তথ্যমতে, সবচেয়ে ভয়াবহ প্রাণহানি ঘটেছে আভদিভকা ও পোকরভস্ক অঞ্চল ঘিরে। কেবল এই এলাকাগুলোতেই প্রায় ১ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া বাখমুত এলাকায় প্রাণ হারিয়েছেন আরও প্রায় ৪৮ হাজার সেনা।
উল্লেখ্য, ২০২৪ সালে আভদিভকা নিয়ন্ত্রণে নেওয়ার পর রুশ বাহিনী দোনেৎস্ক অঞ্চলের কয়লাখনিসমৃদ্ধ শহর পোকরভস্কের দিকে অগ্রসর হয় এবং দীর্ঘ সংঘাতের পর ২০২৬ সালের শুরুতে শহরটি দখল করে নেয়। এর আগে ২০২৩ সালের মে মাসে রুশ সেনাবাহিনী ও ভাড়াটে যোদ্ধাগোষ্ঠী ওয়াগনারের হাতে বাখমুতের পতন ঘটেছিল।
যুদ্ধে প্রাণ হারানো রুশ সেনাদের গড় বয়সও সময়ের সঙ্গে বেড়েছে। যুদ্ধের প্রথম বছরে নিহতদের গড় বয়স ৩৪ বছর থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ৪০ বছরে পৌঁছায়। নিহতদের মধ্যে ৩৫ থেকে ৪৪ বছর বয়সীদের হার সবচেয়ে বেশি; এই বয়সসীমার প্রায় ১ লাখ ৫৮ হাজার পুরুষ যুদ্ধে নিহত হয়েছেন।
প্রতিবেদনে আরও উঠে এসেছে যে, রাশিয়ার তুলনামূলক দরিদ্র ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে প্রাণহানির হার অনেক বেশি। সাইবেরিয়ার বুরিয়াত জনগোষ্ঠী অধ্যুষিত জাবাইকালস্কি অঞ্চলে প্রায় ১২ হাজার ৩০০ জন নিহত হয়েছেন, যা ওই অঞ্চলের প্রতি ৮০ জনে একজনের মৃত্যুর সমান। একইভাবে বাশকির ও ভলগা তাতারসহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস থাকা বাশকোর্তোস্তান অঞ্চলে নিহতের সংখ্যা প্রায় ১৫ হাজার ৮০০।
ফিন্যান্সিয়াল টাইমসের পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে বিদেশি নাগরিকত্বধারী অন্তত ৪ হাজার ১৪১ জন প্রাণ হারিয়েছেন। তবে ব্লুমবার্গের হিসাব মতে, রাশিয়ার বাইরে জন্ম নেওয়া ব্যক্তিদেরও এই তালিকায় যুক্ত করলে নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ হাজার ৩৩৫ জনে।
নিহত বিদেশিদের মধ্যে উজবেকিস্তানের ৮০৭ জন এবং তাজিকিস্তানের ৫৯৮ জন নাগরিক রয়েছেন। পাশাপাশি ৪৪ জন নেপালি, ৯৮ জন কলম্বীয় এবং আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ৩৪০ জন নাগরিক যুদ্ধে নিহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
বিদেশি নাগরিকদের রুশ বাহিনীতে যোগ দেওয়ার পেছনে মূল কারণ হিসেবে অর্থের প্রলোভনকে দায়ী করা হচ্ছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল, কলম্বিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বহু নাগরিককে রাশিয়ায় উচ্চ বেতনের বেসামরিক চাকরির লোভ দেখিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের জোরপূর্বক সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।
অনলাইন চাকরির বিজ্ঞাপন ও স্থানীয় নিয়োগ এজেন্টদের মাধ্যমে বিদেশিদের এভাবে প্রলুব্ধ করা হচ্ছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। কেনিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের দাবি অনুযায়ী, দেশটির এক হাজারেরও বেশি নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের মাসে প্রায় ২ হাজার ৭১৫ ডলার বেতন এবং সর্বোচ্চ ৯ হাজার ৩০৯ ডলার বোনাসের প্রলোভন দেখানো হয়েছিল।
তবে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে কাউকে বাধ্য করা হচ্ছে না বলে দাবি করে আসছে মস্কো।
এইচ/এম