নিয়মিত ব্যায়াম কিংবা ট্রেডমিলে হাঁটা-দৌড়ানোর প্রতি তেমন আগ্রহ নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
চলতি বছর হোয়াইট হাউসের ওভাল অফিসে ক্রীড়াবিদদের উপস্থিতিতে জাতীয় শারীরিক সক্ষমতা ও ক্রীড়া মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রস্তুত করা বক্তব্যের কিছু অংশ পড়ার পর নিজের মতো করে কথা বলতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট।
নিজের শরীরচর্চার অভ্যাস প্রসঙ্গে রসিকতা করে ট্রাম্প বলেন, তিনি প্রচুর পরিশ্রম করেন এবং ব্যায়ামও করেন। তবে এর জন্য দিনে বড়জোর এক মিনিট সময় পাওয়া যায়, সেটিও সৌভাগ্যের বিষয়।
শরীরচর্চার প্রতি ট্রাম্পের অনীহার কথা আগেও বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গলফ ছাড়া অন্য কোনো ধরনের শারীরিক কর্মকাণ্ডে তার বিশেষ আগ্রহ নেই।
ট্রেডমিলে দীর্ঘ সময় হাঁটা কিংবা দৌড়ানোকে বিরক্তিকর মনে করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, অনেকেই ঘণ্টার পর ঘণ্টা এ ধরনের ব্যায়াম করলেও সেটি তার পছন্দের তালিকায় নেই।
এদিকে পায়ের গোড়ালির ফোলাভাব কমাতে সম্প্রতি কাজের ফাঁকে চেয়ার ছেড়ে কিছুটা হাঁটাচলা করছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা।
এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ট্রাম্প ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি নামের একটি শিরাসংক্রান্ত সমস্যায় ভুগছেন। এ অবস্থায় পায়ের শিরা দিয়ে রক্ত স্বাভাবিকভাবে হৃদ্যন্ত্রের দিকে ফিরে যেতে অসুবিধা হয়। ফলে পায়ে রক্ত জমে থাকা ও ফোলাভাব দেখা দিতে পারে।
নিয়মিত ব্যায়ামে অনীহা থাকলেও গলফের প্রতি ট্রাম্পের আগ্রহ বেশ পুরোনো। বিশেষ করে সপ্তাহান্তে বিভিন্ন গলফ কোর্সে সময় কাটাতে পছন্দ করেন তিনি।
তার গলফ খেলার অভ্যাস নিয়ে আগ্রহ এতটাই বেশি যে, তিনি কোনো দিন গলফ খেলেছেন কি না, তা জানার জন্য ‘ডিড ট্রাম্প গলফ টুডে?’ নামে একটি ওয়েবসাইটও রয়েছে।
ওই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে বর্তমান মেয়াদের উল্লেখযোগ্য সময় গলফ খেলেই কাটিয়েছেন ট্রাম্প।
ওভাল অফিসের অনুষ্ঠানে গলফের কিংবদন্তি গ্যারি প্লেয়ার এবং দুইবারের ইউএস ওপেনজয়ী ব্রাইসন ডিশ্যাম্বো উপস্থিত ছিলেন। ডিশ্যাম্বোর শারীরিক গঠন দেখে মুগ্ধতা প্রকাশ করেন ট্রাম্প।
তিনি বলেন, ডিশ্যাম্বো নিজের শারীরিক সক্ষমতা সম্পর্কে অত্যন্ত সচেতন। তার শারীরিক গঠনই সেটির প্রমাণ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
এ সময় ওজন কমানোর ইনজেকশন নিয়েও মজার ছলে কথা বলেন ট্রাম্প। ডিশ্যাম্বো কখনো এ ধরনের ইনজেকশন ব্যবহার করেছেন কি না, তা জানতে চেয়েছিলেন বলে জানান তিনি। তবে ডিশ্যাম্বো প্রশ্নটি বুঝতে পারেননি বলেও উল্লেখ করেন ট্রাম্প।
ওজন কমানোর বিভিন্ন ওষুধ ও ইনজেকশন নিয়ে ট্রাম্পের আগ্রহের বিষয়টি আগেও সামনে এসেছে। তার ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে অন্তত দুজন এসব ওষুধ ব্যবহার করেছেন বলে প্রকাশ্যে জানিয়েছেন তিনি। তাদের একজন হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিউং। অন্যজন তার এক ধনকুবের বন্ধু, যার পরিচয় প্রকাশ করেননি ট্রাম্প।
গত জানুয়ারিতে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ওজন কমানোর প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন তিনি। এ ধরনের ইনজেকশন কখনো নিয়েছেন কি না, জানতে চাইলে ট্রাম্প জানান, এখনো ব্যবহার করেননি। তবে ভবিষ্যতে তারও এ ধরনের ওষুধের প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন।
তথ্যসূত্র: ডেইলি বিস্ট
এফ/ডি