[email protected] রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

৫ বর্গমিটারের বাসা ভাড়া ৫০০ ডলার, ক্ষোভে স্পেনের তরুণরা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ ১২:১৯ পিএম

সংগৃহীত ছবি

স্পেনে আবাসন সংকট তীব্র আকার ধারণ করায় বাড়িভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর

 ফলে দেশটির তরুণদের অনেকেই স্বাধীনভাবে বাসা ভাড়া নেওয়ার সামর্থ্য হারাচ্ছেন। বাধ্য হয়ে কেউ মা-বাবার সঙ্গে থাকছেন, আবার কেউ অত্যন্ত ছোট ঘরে গাদাগাদি করে থেকে মোটা অঙ্কের ভাড়া গুনছেন। বাড়ির মালিকদের ইচ্ছামতো ভাড়া বৃদ্ধি এবং যেকোনো সময় উচ্ছেদের আশঙ্কায় তরুণদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​সাম্প্রতিক সপ্তাহগুলোতে আবাসন সংকটের প্রতিবাদে স্পেনের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন হাজারো তরুণ। গত বুধবার (১১ নভেম্বর) দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠনগুলোর ডাকে আয়োজিত সাধারণ ধর্মঘটেও অংশ নেন অনেকে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— ন্যায্য মজুরি, সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিত করা এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ।

​গত মাসে মাদ্রিদে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে দীর্ঘদিনের বাসা থেকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় ৭০ বছর ধরে ওই বাসায় বসবাস করলেও করপোরেট মালিক ভাড়া এমন পর্যায়ে বাড়িয়ে দেন যা তার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। পরে জনরোষের মুখে মালিকপক্ষ তাকে ফিরে আসার অনুমতি দিলেও যেদিন এ সিদ্ধান্ত হয়, সেদিনই হাসপাতালে মারা যান তিনি।

​আবাসন সংকট মোকাবিলায় ভাড়াটিয়াদের সুরক্ষায় সরকার জরুরি ভিত্তিতে দুটি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করলেও ডানপন্থি দলগুলোর বিরোধিতায় তা পাস হয়নি। ব্যাংক অব স্পেনের হিসাব অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে, যা আগামী বছর নাগাদ ১০ লাখে পৌঁছাতে পারে।

​মা-বাবার সঙ্গেই থাকতে হচ্ছে তরুণদের

বার্সেলোনার ২৪ বছর বয়সী তথ্য বিশ্লেষক হারিস জাভাইদ শরিফ এখনও মা-বাবা ও ভাইবোনের সঙ্গে ৪৪ বর্গমিটারের একটি ফ্ল্যাটে থাকেন। মাসে প্রায় ১ হাজার ৯০০ ডলার আয় করলেও পরিবারের ৭৪৫ ডলার ভাড়ার অর্ধেক তাকেই দিতে হয়। করোনার পর বকেয়া ভাড়ার কারণে উচ্ছেদের শিকার হওয়ার অভিজ্ঞতা থেকে তিনি জানান, আবাসন তরুণদের সবচেয়ে বড় সমস্যা এবং আগামী ১০ বছরেও নিজের বাড়ি কেনার কোনো সম্ভাবনা দেখছেন না অনেকেই।

​মাদ্রিদের ৩২ বছর বয়সী বিউ গার্সিয়া দে লা তোরে ভাইসহ ৭০ বর্গমিটারের ফ্ল্যাটে থাকেন। ১ হাজার ২২৯ ডলার ভাড়ার পাশাপাশি মালিক এখন অতিরিক্ত খরচ চাপিয়ে দিচ্ছেন। এছাড়া যেকোনো মুহূর্তে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি বা উচ্ছেদের আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি। মাদ্রিদের সমাজকর্মী ২৭ বছর বয়সী ইরাতশে গঞ্জালেজ তিনজনের সঙ্গে ৪৫ বর্গমিটারের ফ্ল্যাট ভাগাভাগি করে থাকেন এবং স্বল্পমেয়াদি চুক্তির মেয়াদ শেষে উচ্ছেদের আশঙ্কায় রয়েছেন।

​মাদ্রিদের শিক্ষক ৩২ বছর বয়সী ইগনাসিও রেদরাদো জানান, স্পেনে গড়ে ৩০ বছর বয়সে তরুণেরা মা-বাবার বাড়ি ছাড়েন। বর্তমানে চারজনের সঙ্গে ৬০ বর্গমিটারের ফ্ল্যাটে থাকা এই শিক্ষকের দাবি, সংকট সমাধানে অনির্দিষ্ট মেয়াদের ভাড়ার চুক্তি এবং সামাজিক আবাসন বাড়ানো জরুরি।

​বার্সেলোনার ২৪ বছর বয়সী আর্তুরো লিওন একটি বেসরকারি সংস্থায় কাজ করেন এবং চারজনের সঙ্গে একটি ছোট ফ্ল্যাটে থাকেন। মাত্র ৫ দশমিক ২ বর্গমিটার (২ মিটার বাই ২ দশমিক ৬ মিটার) আয়তনের একটি শোবার ঘরের জন্য তাকে মাসে ৫০৬ ডলার ভাড়া দিতে হয়। অথচ এর কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই, মালিক জিনিসপত্রও মেরামত করেন না। এসব বঞ্চনার প্রতিবাদেই তিনি সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন।

​আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, আবাসনকে কেবল ব্যবসার মাধ্যম হিসেবে দেখার প্রবণতা বন্ধ করে সাধারণ মানুষের নাগালের মধ্যে বাসাভাড়া নিশ্চিত করতে হবে এবং দীর্ঘমেয়াদি চুক্তির সুযোগ বাড়াতে হবে।

এইচ/এম

সম্পর্কিত খবর