যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে জারি করা সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
এর আগে শুক্রবার বিকেল ৩টা ৩৬ মিনিটের দিকে রাডার ও যোগাযোগব্যবস্থায় প্রযুক্তিগত জটিলতা দেখা দিলে দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়।
রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, দেশটির বিভিন্ন স্থানে রাডার, যোগাযোগ নেটওয়ার্ক এবং বিমান নিয়ন্ত্রণকেন্দ্রের কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছিল। বিশেষ করে রাউটারে অতিরিক্ত ও অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রবেশ করায় নিয়ন্ত্রণব্যবস্থায় বিঘ্ন ঘটে। এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এফএএ।
রাত ৮টা ১৫ মিনিটে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বিমান নিয়ন্ত্রণকেন্দ্র এবং টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোলের (ট্র্যাকন) কার্যক্রম পুনরায় সচল হয়। তবে ডাফি জানিয়েছেন, পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় প্রয়োজন। এমনকি আগামী কয়েক দিনও এই প্রযুক্তিগত সমস্যার প্রভাব ফ্লাইট পরিচালনায় থাকতে পারে। এ কারণে সপ্তাহান্তের ফ্লাইটগুলোর সময়সূচিও পুনর্বিবেচনা করা হচ্ছে।
ডাফি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার প্রযুক্তি অনেক পুরোনো। এটি আধুনিকায়নের জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দ চাওয়া হয়েছে।
অন্যদিকে, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এই বিপর্যয়ের সঙ্গে কোনো ধরনের সাইবার হামলার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সম্প্রতি মাইক্রোসফটের বিভিন্ন সেবায় যে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল, সেটির সঙ্গেও এই ঘটনার যোগসূত্র নেই।
এর আগে কয়েকটি সূত্র জানিয়েছিল, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের ত্রুটির সঙ্গে এ ঘটনার সম্পর্ক থাকতে পারে। তবে ডাফির বক্তব্য অনুযায়ী, এতে রাডার ও যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ অকার্যকর হয়ে যায়নি।
হঠাৎ উড্ডয়ন বন্ধের সিদ্ধান্তে দেশজুড়ে হাজার হাজার ফ্লাইটের সময়সূচি বিঘ্নিত হয়। বিপাকে পড়েন বিপুলসংখ্যক যাত্রী। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম জানান, আবহাওয়াজনিত কারণে আগের দিনও তার ফ্লাইট বাতিল হয়েছিল। পরদিন দেশব্যাপী নিষেধাজ্ঞার কারণে আবারও যাত্রা বাতিল হওয়ায় তাকে ভোগান্তিতে পড়তে হয়।
এফ/ডি