ইরানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দেশ কিউবার বিষয়ে কঠোর অবস্থানের কথা
জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে তাঁর বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবাকে ‘মুক্ত করতে’ সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি এ পরিকল্পনায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘বিশেষ ভূমিকা’ পালন করবেন বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।
বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির সমর্থক ও রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে উপস্থাপক হিউইট জানতে চান, কিউবায় সামরিক অভিযান চালানোর কোনো পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের রয়েছে কি না।
জবাবে ট্রাম্প বলেন, “আমি বিদায় নেওয়ার আগেই কিউবার বিষয়টি শেষ করতে চাই। আর এ ইস্যুতে আমাদের একজন অত্যন্ত যোগ্য ও প্রতিভাবান ব্যক্তি আছেন, তিনি হলেন মার্কো। আপনারা হয়তো জানেন যে, মার্কোর বাবা-মা কিউবা থেকে এসেছেন; তাই তিনিও এতে আগ্রহী হবেন।”
এর আগেও কিউবায় শাসন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন এবং লাতিন আমেরিকার এই কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবারই প্রথম তিনি বিষয়টি নিয়ে সুনির্দিষ্টভাবে কোনো সময়সীমার ইঙ্গিত দিলেন। চলতি বছরের মার্চ মাসে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন ‘কিউবার নিয়ন্ত্রণ নেওয়ার সম্মান’ তাঁর ভাগ্যেরেই জুটবে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, ফ্লোরিডায় তাঁকে ভোট দেওয়া কিউবান-আমেরিকানদের কথা চিন্তা করেই তিনি কিউবায় সামরিক অভিযান পরিচালনা করতে চান। তিনি বলেন, “সত্যি বলতে, আমি এটি সেইসব মানুষের জন্য করতে চাই—সেই কিউবানদের জন্য, যারা কিউবায় অত্যন্ত খারাপ আচরণের শিকার হয়েছেন এবং শেষ পর্যন্ত আমেরিকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।”
এর আগে গত ডিসেম্বরে ট্রাম্পের নির্দেশেই কিউবার প্রতিবেশী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে আসে মার্কিন বাহিনী। এর পরপরই কিউবার ওপর জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প, যার ফলে দ্বীপরাষ্ট্রটির বিদ্যুৎ অবকাঠামো ভেঙে পড়ে এবং চরম মানবিক সংকটের সৃষ্টি হয়।
বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের ঠিক এক সপ্তাহ পর ট্রাম্পের এই মন্তব্য এল। ইরানের সঙ্গে চলমান অজনপ্রিয় যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানি ও খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়াই রিপাবলিকানদের এই পরাজয়ের অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন মার্কিন রাজনীতি বিশ্লেষকরা।
এইচ/এম