সৌদি আরব ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অনুরোধেই ইরানের বিরুদ্ধে বড়
ধরনের নতুন হামলা আপাতত স্থগিত রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি দাবি করেছেন, তিনি চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু এবং উৎপাদন কারখানাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) হোয়াইট হাউসে মার্কিন সাংবাদিক স্টিফেন এ. স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ইচ্ছে করলেই এখনই এই সংঘাতের চূড়ান্ত সমাপ্তি ঘটাতে পারতেন, তবে আঞ্চলিক মিত্রদের বিশেষ অনুরোধের কারণেই তিনি বর্তমানে সামরিক ও অর্থনৈতিক চাপ বজায় রাখার কৌশল বেছে নিয়েছেন।
ট্রাম্প বলেন, সৌদি আরব আমাকে অনুরোধ জানিয়েছে পরিস্থিতি আপাতত যেমন আছে, কিছুদিন যেন তেমনই বজায় রাখা হয়। এছাড়া কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনও বর্তমান এই কূটনৈতিক ও সামরিক কৌশলটিই বজায় রাখতে পছন্দ করছে বলে জানান তিনি। তবে মিত্র দেশগুলোর এই অবস্থানের সঙ্গে তিনি নিজে পুরোপুরি একমত কি না, সে বিষয়ে কিছুটা সংশয় প্রকাশ করেন ট্রাম্প।
মিত্রদের বাধা না থাকলে ইরানে আরও বড় ধরনের হামলা চালানো হতো কি না—এমন সরাসরি প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি অবশ্যই চালাতাম।’
যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইরানের জ্বালানি খাত ও সেতুগুলোর ওপর কোনো বড় ধরনের আঘাত হানেনি দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মাত্র এক দিনেই তাদের পুরো জ্বালানি খাত শেষ হয়ে যেতে পারে। এক দিনের মধ্যে তাদের সব সেতু ধ্বংস করা সম্ভব এবং এক দিনের মধ্যেই তাদের উৎপাদন সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া যায়। এই পুরো কাজ সম্পন্ন করতে আমার বড়জোর তিন দিন সময় লাগবে।’
সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন যে, চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার সরাসরি প্রভাব পড়েছে এবং এর জেরে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় ঘটেছে। তবে এত সব প্রতিকূলতার পরও ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন তিনি।
এইচ/এম