যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী হয়ে একাধিক প্রার্থী নতুন ইতিহাস গড়তে
যাচ্ছেন। গত মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্যের পাশাপাশি মার্কিন রাজনীতিতে প্রতিনিধিত্বের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। প্রকাশিত ফলাফল ও পূর্বাভাস অনুযায়ী, দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ, আদিবাসী ও লাতিনা নারী গভর্নর নির্বাচিত হওয়ার পাশাপাশি সিনেটেও গুরুত্বপূর্ণ নতুন রেকর্ড তৈরি হয়েছে।
জর্জিয়ার প্রথম নারী গভর্নর হওয়ার পথে কেইশা ল্যান্স বটমস
এবিসি নিউজের পূর্বাভাস অনুযায়ী, জর্জিয়ার গভর্নর নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী ও আটলান্টার সাবেক মেয়র কেইশা ল্যান্স বটমস জয়ী হতে যাচ্ছেন। তিনি বিলিয়নিয়ার রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে রাজ্যটির গভর্নর হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। ১৯৯৮ সালের পর এই প্রথম জর্জিয়ায় কোনো ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী গভর্নর ডেব হালান্ড
নিউ মেক্সিকোর গভর্নর নির্বাচনে জয়ী হওয়ার পূর্বাভাস পেয়েছেন সাবেক মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডেব হালান্ড। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আদিবাসী গভর্নর হওয়ার গৌরব অর্জন করতে যাচ্ছেন। লাগুনা পুয়েবলো আদিবাসী সম্প্রদায়ের সদস্য হালান্ড এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই আদিবাসী নারীর একজন ছিলেন।
টেকসাসের প্রথম লাতিনা নারী গভর্নর জিনা হিনোজোসা
টেক্সাসের গভর্নর নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী ও প্রতিনিধি পরিষদের সদস্য জিনা হিনোজোসা। তিনি বর্তমান রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করে রাজ্যটির প্রথম লাতিনা নারী গভর্নর হতে চলেছেন। শিক্ষা সংস্কার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টার ইস্যুকে সামনে রেখে তিনি তার প্রচারণা চালিয়েছিলেন।
ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর বায়রন ডোনাল্ডস
ফ্লোরিডার গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও কংগ্রেস সদস্য বায়রন ডোনাল্ডস জয়ের আভাস পেয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে তিনি ফ্লোরিডার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পথে রয়েছেন।
ওহাইওর প্রথম নারী গভর্নর অ্যামি অ্যাকটন
ওহাইওর সাবেক স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. অ্যামি অ্যাকটন গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে পরাজিত করতে যাচ্ছেন বলে পূর্বাভাস মিলেছে। বিজয়ী হওয়ার মাধ্যমে তিনি ওহাইওর ইতিহাসে প্রথম নির্বাচিত নারী গভর্নর এবং প্রথম ইহুদি গভর্নর হতে চলেছেন।
উইসকনসিনের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর ডেভিড ক্রাউলি
উইসকনসিনে ডেমোক্রেটিক প্রার্থী ও মিলওয়াকি কাউন্টির নির্বাহী ডেভিড ক্রাউলি রিপাবলিকান প্রার্থী টম টিফানিকে পরাজিত করে রাজ্যটির প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হওয়ার পথে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রথম প্রকাশ্যে সমকামী সিনেটর ক্রিস পাপাস
নিউ হ্যাম্পশায়ারে সিনেট নির্বাচনে জয়ী হওয়ার পূর্বাভাস পেয়েছেন প্রতিনিধি পরিষদের সদস্য ক্রিস পাপাস। তিনি রিপাবলিকান প্রার্থী ও সাবেক সিনেটর জন সুনুনুকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের প্রথম প্রকাশ্যে সমকামী সিনেটর হওয়ার পথে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সায়েদ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্রে্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে গুরুত্বপূর্ণ এই আসনে জয় নিশ্চিত করার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার গৌরব অর্জন করেছেন।
এইচ/এম