স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে।
দুর্ঘটনার পর প্রথম দিকে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে হতাহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে পৌঁছায়।
স্থানীয় সময় বুধবার সকালে রাজধানী মাদ্রিদের দক্ষিণে টলেডো প্রদেশের উর্দা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। ওই রেলপথে মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় শহর সেভিয়ার মধ্যে দ্রুতগতির ট্রেন চলাচল করে।
প্রাথমিক তথ্যে জানা যায়, রাষ্ট্রায়ত্ত রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফের একটি এভিই দ্রুতগতির ট্রেন সামনে থাকা বেসরকারি রেল সংস্থা ইরিওর একটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।
কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া এর আগে স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে জানান, ট্রেন দুটি একই দিকে চলছিল। পেছন থেকে আসা ট্রেনটি সামনে থেমে থাকা ট্রেনকে আঘাত করলে বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। নিহতদের পরিচয় শনাক্ত করা এবং আহতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ চলছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এসআর