ইসরায়েলের সাধারণ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে শক্তিশালী ডানপন্থী জাতীয় সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বক্তব্যে সামরিক অভিযানে ইসরায়েলের অর্জন হিসেবে বিবেচিত বিভিন্ন বিষয় তুলে ধরেন নেতানিয়াহু।
তিনি বলেন, ইসরায়েলি জনগণের দৃঢ় অবস্থান, সেনাবাহিনীর ভূমিকা এবং সরকারের নেওয়া সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় পরিবর্তন এনেছে।
তার দাবি, গাজা, লেবানন ও সিরিয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বলয় প্রতিষ্ঠা করা হয়েছে এবং ইরানের সামরিক সক্ষমতায়ও আঘাত হানা হয়েছে। নেতানিয়াহুর ভাষ্য, আগের তুলনায় ইরান দুর্বল এবং ইসরায়েল আরও শক্তিশালী অবস্থানে রয়েছে।
তবে সংঘাতের অবসান এখনো হয়নি বলেও সতর্ক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
তিনি অভিযোগ করেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থা ইসরায়েলের জন্য হুমকি হয়ে রয়েছে এবং ভবিষ্যতেও দেশটির নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হুমকি মোকাবিলার আশাবাদ জানান তিনি।
সমর্থকদের উদ্দেশে বক্তব্যের শেষ পর্যায়ে নেতানিয়াহু বলেন, তাদের অর্জন কেবল শুরু। একই সঙ্গে সেনাসদস্য, সমর্থক ও ইসরায়েলি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এসআর