বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে
লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রধান দুই বেঞ্চমার্কের দর হ্রাস পায়। সংঘাত নিরসনে শান্তি আলোচনার ইতিবাচক সম্ভাবনার কারণেই তেলের বাজারে এই প্রভাব পড়েছে। তবে বিভিন্ন অঞ্চলে উত্তাপ অব্যাহত থাকায় সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কা এখনো সম্পূর্ণ দূর হয়নি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ১১৪ ডলার ৫০ সেন্টে নেমে এসেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪ সেন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০১ ডলার ৭৪ সেন্টে।
এই দরপতনের ফলে পূর্ববর্তী দিনের মূল্যবৃদ্ধির প্রবণতায় কিছুটা ভাটা পড়েছে। তবে ইয়েমেনসহ ভূ-রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকাগুলোতে চলমান সংঘাতের কারণে তেলের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েই গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, সম্ভাব্য শান্তি আলোচনা তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি করলেও সংঘাত তীব্র হলে পুনরায় সরবরাহ সংকট দেখা দিতে পারে, যা ভবিষ্যতে বিশ্ববাজারে তেলের দর পরিবর্তন করতে পারে।
এসআর