কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ঘটনা কেন্দ্র করে সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট
জার্নাল’ এবং এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলাটি স্থায়ীভাবে খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।
শনিবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের জেলা বিচারক ড্যারিন গেইলস এ রায় দেন। তিনি জানান, মানহানির অভিযোগ প্রমাণের জন্য প্রয়োজনীয় ‘প্রকৃত অসৎ উদ্দেশ্য’ (অ্যাকচুয়াল ম্যালিস) ট্রাম্পের পক্ষ থেকে প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। এছাড়া মামলাটিতে অসৎ উদ্দেশ্যের অভিযোগগুলো অস্পষ্ট ও প্রমাণহীন বলেও মন্তব্যে করেন তিনি।
মামলার পটভূমি
২০২৫ সালের ১৭ জুলাই ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে এ বিবাদের সূচনা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে এপস্টেইনের ৫০তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত এক শুভেচ্ছা সংকলনে ট্রাম্পের নামে একটি যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা ছিল, যাতে তার স্বাক্ষরসহ এক নারীর শরীরের অবয়ব আঁকা ছিল। তবে চিঠির লেখা ও ছবির সঙ্গে নিজের সম্পৃক্ততা পুরোপুরি অস্বীকার করেন ট্রাম্প।
পরবর্তীতে ২০২৫ সালের ১৮ জুলাই মায়ামির ফেডারেল আদালতে ওয়াল স্ট্রিট জার্নাল, রুপার্ট মারডক এবং সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে ১০ বিলিয়ন ডলারের মামলা দায়ের করা হয়।
আদালতের চূড়ান্ত পর্যবেক্ষণ
এর আগে ২০২৬ সালের এপ্রিলে বিচারক গেইলস প্রথম দফায় মামলাটি খারিজ করলেও ট্রাম্পকে সংশোধিত অভিযোগ দাখিলের সুযোগ দিয়েছিলেন। মে মাসে পুনরায় ট্রাম্পের আইনজীবীরা অভিযোগপত্র জমা দিলেও ৩১ অক্টোবরের চূড়ান্ত রায়ে বিচারক এটি ‘ডিসমিসড উইথ প্রজুডিস’ বা স্থায়ীভাবে খারিজ ঘোষণা করেন। এই আদেশের ফলে ডোনাল্ড ট্রাম্প একই অভিযোগে ভবিষ্যতে নতুন করে আর কোনো মামলা করতে পারবেন না।
এইচ/এম