যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রকাশিত বিভিন্ন জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
শনিবার (২৪ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনারের সাংবাদিক বাইরন ইয়র্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
সাক্ষাৎকারে রিয়েলক্লিয়ারপলিটিকসের জরিপগুলোর গড় ফল তুলে ধরেন বাইরন ইয়র্ক। ওই হিসাবে, ট্রাম্পের দায়িত্ব পালনে সন্তুষ্ট ৩৮ দশমিক ৮ শতাংশ মার্কিন নাগরিক। অন্যদিকে অসন্তুষ্টির কথা জানিয়েছেন ৬০ দশমিক ৪ শতাংশ।
এই পরিসংখ্যানের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প জরিপের ফল প্রত্যাখ্যান করেন। নিজের জনপ্রিয়তা ৩৭ বা ৩৮ শতাংশে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, তার প্রতি জনসমর্থন আরও বেশি। প্রয়োজন হলে তার সমর্থন ৬০ শতাংশে পৌঁছাতে পারত বলেও দাবি করেন তিনি।
তবে বিভিন্ন প্রতিষ্ঠানের সাম্প্রতিক জরিপে ভিন্ন চিত্র উঠে এসেছে। রয়টার্স-ইপসোসের ১৬ থেকে ১৯ অক্টোবরের জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন পাওয়া গেছে ৩৪ শতাংশ মার্কিন নাগরিকের। বিপরীতে ৬৫ শতাংশ উত্তরদাতা তার প্রতি অসন্তোষ জানিয়েছেন।
পিউ রিসার্চ সেন্টারের ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পরিচালিত জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন ছিল ৩০ শতাংশ। এ জরিপে ৬৮ শতাংশ অংশগ্রহণকারী তার দায়িত্ব পালনে অসন্তুষ্টি প্রকাশ করেন।
এ ছাড়া নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের সাম্প্রতিক জরিপেও ট্রাম্পের সমর্থন ৩৪ শতাংশ পাওয়া গেছে। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের জনপ্রিয়তা এতটা কম থাকার নজির সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৪৬ সালে। সে সময় প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের সমর্থন ছিল ৩৩ শতাংশ।
এদিকে, ওয়েজউড রিসার্চের জরিপের ফল তৈরির পদ্ধতি নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় জনমত জরিপের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের জনপ্রিয়তার গড় হিসাব নির্ধারণে বিতর্কিত ওই জরিপের তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি।
নিজের সমর্থনের পক্ষে সিএনএনের প্রধান তথ্য বিশ্লেষক হ্যারি এনটেনের একটি বিশ্লেষণের কথাও তুলে ধরেন ট্রাম্প। সেখানে বলা হয়, ২০২৪ সালের নির্বাচনে মেক আমেরিকা গ্রেট এগেইন (মাগা) সমর্থক রিপাবলিকানদের ৯৯ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বরে এ গোষ্ঠীর মধ্যে তার সমর্থন ছিল ৯৮ শতাংশ।
ট্রাম্প দাবি করেন, রিপাবলিকান পার্টির ভেতরে তার জনপ্রিয়তা অনেক বেশি এবং সামগ্রিক জনসমর্থনও ৬০ শতাংশের ঘরে থাকতে পারে।
তবে একই বিশ্লেষণে মূল্যস্ফীতি মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে অসন্তোষ বাড়ার তথ্য উঠে এসেছে। ২০২৪ সালে এ বিষয়ে সন্তুষ্টি ও অসন্তুষ্টির ব্যবধান তার পক্ষে ৮ শতাংশ পয়েন্ট থাকলেও বর্তমানে তা কমে ঋণাত্মক ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
রয়টার্স-ইপসোসের আরেকটি সাম্প্রতিক জরিপে ট্রাম্পের সমর্থন ৩১ শতাংশে নেমে আসার তথ্যও প্রকাশিত হয়েছে, যা তার দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতসব নেতিবাচক জরিপের মধ্যেও রিপাবলিকান সমর্থকদের মধ্যে নিজের অবস্থান তুলে ধরায় সিএনএনের প্রশংসা করেছেন ট্রাম্প। এ ধরনের জরিপ অব্যাহত থাকলে সংবাদমাধ্যমটির প্রতি তার ইতিবাচক মনোভাব আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
এসআর