ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন (৭, লোক কল্যাণ মার্গ)-এর সংলগ্ন
ঐতিহাসিক ‘রেসকোর্স মসজিদ’ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ জারি করেছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)। সোমবার (১৯ অক্টোবর) মসজিদটিকে অননুমোদিত দাবি করে এই উচ্ছেদ নোটিশ প্রদান করা হয়।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় থাকা সত্ত্বেও গত ৭ অক্টোবর থেকে মসজিদটির পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সেখানে নামাজ আদায় ও যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষ দাবি করছে মসজিদটি সরকারি জমিতে অবস্থিত এবং এর ঐতিহাসিক তালিকার বিষয়টিও বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে।
মসজিদ ও এর পাশের কবরস্থান রক্ষায় জমিয়তে উলামায়ে হিন্দের একটি প্রতিনিধি দল ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর কাছে স্মারকলিপি দিয়ে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে। তারা জানান, ১৯৭৭ সালের দিল্লি গেজেট এবং সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয়ের সংগৃহীত তালিকায় এই ঐতিহ্যবাহী মসজিদের নাম রয়েছে। কোনো চূড়ান্ত আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ধ্বংসাত্মক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানানো হলে কেন্দ্রীয় মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
এদিকে মসজিদটির ইমাম মোহাম্মদ হারুন এক ভিডিও বার্তায় অভিযোগ করেছেন যে, ওয়াকফ বোর্ড দীর্ঘ ছয় মাস ধরে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি। এনডিএমসি-কে একটি চিঠি ছাড়া অন্য কোনো কার্যকর আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বোর্ড।
উল্লেখ্য, মোদির বাসভবন এলাকার রেসকোর্স রোডে সার্বিক নিরাপত্তা বাড়ানো ও সৌন্দর্যবর্ধনের উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে দিল্লি হাইকোর্টের নির্দেশনায় ওই এলাকার বস্তিবাসীদের ৪৫ কিলোমিটার দূরের একটি পুনর্বাসন কলোনিতে স্থানান্তরের কাজও চলছে।
এসআর