[email protected] বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

জাপানি বিনিয়োগ বাড়াতে তারো আসোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬ ২:৪৯ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তর জোরদারে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে দক্ষ মানবসম্পদ তৈরি ও দেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের অব্যাহত সহায়তার প্রত্যাশা জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে স্থানীয় সময় বিকেল ৩টায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও সংগঠনটির সভাপতি তারো আসো প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।

সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে দীর্ঘদিন ধরে ইতিবাচক ভূমিকা রাখার জন্য তারো আসোকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে তারো আসোর ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

এ সময় ২০০৬ সালে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে জাপান সফরের স্মৃতিচারণ করেন তারেক রহমান। ওই সফরে তারো আসোর সঙ্গে সাক্ষাতের বিষয়টিও তুলে ধরেন তিনি। অন্যদিকে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতি স্মরণ করেন তারো আসো।

বৈঠকে তারো আসো বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী ও সাম্প্রতিক রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টি উল্লেখ করেন। তাঁর মতে, দেশের বর্তমান পরিস্থিতি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সহায়ক হচ্ছে। এ কারণে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ রয়েছে।

জবাবে তারেক রহমান বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে তাঁর সরকার। বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ উন্নত করতে প্রয়োজনীয় আইনি সংস্কারের কাজও চলছে। এ ছাড়া শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে সরকারের পরিকল্পনা ও উদ্যোগের কথা প্রতিনিধিদলকে জানান তিনি।

বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের প্রেক্ষাপটে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি হস্তান্তরেও সহযোগিতা চান তিনি।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপানের প্রতিনিধিদলে ছিলেন দেশটির সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা, ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশি এবং জাপানের সংসদের জ্যেষ্ঠ সদস্যরা।

সংশ্লিষ্টদের মতে, এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও দক্ষ জনশক্তি উন্নয়নে সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এসআর

সম্পর্কিত খবর