নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জেরুজালেমের একটি নৈশবাজারে যাওয়ার পর ইসরাইলের
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল ছোড়ার ঘটনা ঘটেছে।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর বরাতে জানা যায়, জেরুজালেমের জনপ্রিয় রাত্রিকালীন বিনোদনকেন্দ্র মাহানে ইয়েহুদা বাজারে প্রচারণায় মধ্যরাতে নেতানিয়াহুর গাড়িবহর পৌঁছালে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওচিত্রে দেখা যায়, নেতানিয়াহু বাজারে উপস্থিত হলে সমর্থকেরা তাকে স্বাগত জানান। তবে একপর্যায়ে তার গাড়িবহর লক্ষ্য করে আকস্মিকভাবে একটি কাচের বোতল ছুড়ে মারা হয়।
বোতল নিক্ষেপের পরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা দ্রুত ভিড়ের দিকে ছুটে যান এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও আটকের জন্য তৎপরতা শুরু করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না বা কোনো ক্ষতির কথা জানা যায়নি।
এসআর