রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটির কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই। তবে কম্পনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে বিএনও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভুলবশত ৯ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের একটি আগাম সতর্কতা দিয়েছিল। এতে জাপানের বিস্তীর্ণ এলাকায় শক্তিশালী কম্পনের আশঙ্কা তৈরি হয়। যদিও সংস্থাটির নিজস্ব হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯।
সতর্কবার্তায় উল্লেখ করা মাত্রার ভূমিকম্প সত্যিই ঘটলে তা হতো ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
কামচাতকা উপদ্বীপ প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের অংশ। এ অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।
এর আগে গত বছরের জুলাইয়ে কামচাতকা উপকূলের কাছে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ওই কম্পনের ফলে সৃষ্ট সুনামিতে একটি উপকূলীয় গ্রামের কিছু অংশ সাগরে তলিয়ে যায়।
এসআর