ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে আটক করেছে
দিল্লি পুলিশ। আজ শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির সেন্ট্রাল পার্কে পতাকা উড়ানো কর্মসূচি বা ‘তেরঙ্গা মিছিল’ ঘোষণার পর সেখানে যোগ দিতে যাওয়ার ঠিক কয়েক মিনিট আগে তাঁকে আটক করা হয়।
এর আগে গত ১০ অক্টোবর দিল্লির বিমানবন্দর থেকেও তাঁকে আটক করা হয়েছিল। পরদিন মুক্তি পেয়ে তিনি পরিবারের কাছে ছুটে যান, কারণ এর আগের দিনই তাঁর দাদি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ককরোচ পার্টির তরুণ সমর্থকেরা। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ—বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা পাইয়ে দিতে তিনি ভোটার তালিকা থেকে প্রায় কোটি মানুষের নাম বাদ দিয়েছেন। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই ৭০ লাখ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পর নির্বাচন শেষ হওয়া মাত্রই আবার ফেরত যুক্ত করা হয়।
আজ দিল্লির সেন্ট্রাল পার্কে পতাকা ওড়ানোর এই কর্মসূচি মূলত নেওয়া হয়েছিল ককরোচ পার্টির দুই সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে যন্তর মন্তরে পতাকা উড়ানো অবস্থায় গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে।
পূর্বে গত ১০ অক্টোবর যন্তর মন্তরে জড়ো হওয়ার ঘোষণা দিলে পুলিশ সেটিতে বাধা দেয়। পরবর্তীতে ১৩ অক্টোবর যন্তর মন্তরে গিয়ে পতাকা উড়ালে গ্রেপ্তার হন আশুতোষ ও সৌরভ।
অভিজিৎকে আজ নতুন করে আটকের আগে তাঁর দিল্লির বাসভবনে যায় পুলিশ। সেন্ট্রাল পার্কে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা থাকায় সেদিকে যাওয়া থেকে বিরত থাকতে বলা সত্ত্বেও অভিজিৎ পতাকা নিয়ে রওনা হলে পথেই তাঁকে আটক করা হয়।
এসআর