হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার চলমান উত্তেজনার মাঝে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে বাণিজ্য ও জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানায়, প্রতিটি জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। আইআরজিসির দাবি অনুযায়ী, একটি জাহাজে বিস্ফোরণের পর বড় ধরনের আগুন ধরে যায় এবং অন্য জাহাজটিও মারাত্মক অগ্নিকাণ্ডের শিকার হয়। এর মধ্যে একটি জাহাজ যুক্তরাষ্ট্রের সহায়তায় হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল বলে জানানো হয়।
আইআরএনএ আরও উল্লেখ করেছে, জাহাজ দুটি তাদের রাডার ও নেভিগেশন অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল এবং ইরানের অনুমোদন ছাড়া বিকল্প পথে প্রণালিটি পার হওয়ার চেষ্টা করছিল। সম্প্রতি আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী আজমায়ি সতর্ক বার্তা দিয়ে জানিয়েছিলেন, যেসব জাহাজ নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখবে সেগুলোকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে।
তবে অগ্নিকাণ্ডের পেছনে মাইনের আঘাতের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাশাপাশি জাহাজ দুটির নাম কিংবা সেগুলোতে থাকা তেলের মূল উৎস এখনও জানা যায়নি। এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, বিগত ফেব্রুয়ারির শেষভাগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে তেহরান তাদের নিয়ন্ত্রণ কঠোর করে এবং যাতায়াতের জন্য আগাম অনুমতির বাধ্যবাধকতা আরোপ করে। বিশ্বের ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সংবেদনশীল প্রণালি দিয়ে পরিবাহিত হয়ে থাকে। অন্যদিকে, ইরানের তেল রপ্তানি ঠেকাতে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করায় অঞ্চলটিতে উত্তেজনা আরও চরম আকার ধারণ করেছে।
এসআর