[email protected] মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩

ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সুরক্ষিত প্রাসাদে সৌদি যুবরাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ৮:৪৪ পিএম

সংগৃহীত ছবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তার স্বার্থে বাঙ্কার সুবিধাসম্পন্ন একটি সুরক্ষিত প্রাসাদে অবস্থান করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার (১২ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

প্রতিবেদন অনুযায়ী, ইরান-সমর্থিত হুথিদের সাম্প্রতিক হামলা এবং নতুন করে আক্রমণের আশঙ্কায় সৌদি নেতৃত্বের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে রাজধানী রিয়াদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। যুবরাজের চলাচল সীমিত করার পাশাপাশি তাঁর ব্যক্তিগত নিরাপত্তাব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে। গত মঙ্গলবার একটি জাতীয় রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ার পর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার ঘটনায় দেশটির বিমান চলাচল ও নিরাপত্তা পরিস্থিতি চাপে পড়েছে। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। পরদিন বিমানবন্দরের টার্মিনাল-৪ এলাকায় আরেকটি হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হন এবং আহত হন আরও ১১ জন।

 

রিয়াদের পাশাপাশি দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আভা, জিজান ও নাজরান বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে জানানো হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ায় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান ও কূটনৈতিক স্থাপনার কর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদেরও নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়া হয়েছে।

 

এর আগে রিয়াদে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসাকেন্দ্রের ওপর পড়ে। এতে বেসামরিক স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ে।

 

একই সঙ্গে ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত ইন্টারসেপ্টরের মজুত কমে আসা নিয়েও সৌদি কর্মকর্তারা চিন্তিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও রাজপ্রাসাদসহ কৌশলগত স্থাপনাগুলোর সুরক্ষায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুনর্বিন্যাস করা হচ্ছে।

 

নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ফ্রান্স, যুক্তরাজ্য ও মিশরের সহায়তা চেয়েছে সৌদি আরব বলে প্রতিবেদনে জানানো হয়েছে। পাশাপাশি অতিরিক্ত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সংগ্রহের উদ্যোগও নিয়েছে দেশটি।

এসআর

সম্পর্কিত খবর