ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নির্ধারিত দুটি ফ্লাইটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শনিবার (১০ অক্টোবর) বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ফ্লাইট স্থগিতের কারণ হিসেবে অনিবার্য পরিচালনগত পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
ফ্লাইট দুটির পরবর্তী সময়সূচি কিংবা কার্যক্রমের সর্বশেষ অবস্থা সম্পর্কে রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানোর কথা রয়েছে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জরুরি সহায়তার জন্য সংস্থাটির কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য সংস্থাটির আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।
এসআর