ভারতের পাঞ্জাবের অমৃতসরে সমকামী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট মাদ
সান্ধুকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি মাদ সান্ধুকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পরপরই তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।
নিহতের আসল নাম মধুসূদন হলেও তিনি পরিচিত ছিলেন ‘মাদ সান্ধু’ নামে। মেকআপ, বিনোদন জগত ও লিঙ্গভিত্তিক নানা বিষয়ে পডকাস্টের মাধ্যমে তিনি পরিচিতি পান। এ ছাড়া ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কস্টিউম ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে ইনস্টাগ্রাম রিল এবং ‘ও পল্লে ওয়েরে’র মতো কিছু পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে সমকামিতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রায়ই কটূক্তির শিকার হতে হতো।
হত্যাকাণ্ডের পরপরই ‘গোল্ডি ধিলোঁ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঘটনার দায় স্বীকার করে দাবি করা হয়, সান্ধু সমাজের সংস্কৃতি নষ্ট করছিলেন। অমৃতসরের অতিরিক্ত পুলিশ কমিশনার সিরিভেনেলা জানান, দায় স্বীকার করা ওই সোশ্যাল মিডিয়া পোস্টটি তারা খতিয়ে দেখছেন। এর আগে গত বছর জুনেও ভাতিন্দায় কামাল কৌর নামে আরেক বিতর্কিত ইনফ্লুয়েন্সারকে একইভাবে হত্যা করা হয়েছিল।
এসআর