যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার সময় বিষাক্ত ইনজেকশন দেওয়ার পরও
মারা যাননি ক্রিস্টিয়া পাইক নামে এক নারী। গত বুধবার রাতে বিষাক্ত ইনজেকশন পুশ করার পর তাৎক্ষণিক মৃত্যু না হয়ে দীর্ঘক্ষণ ছটফট করতে থাকেন তিনি। মারাত্মকভাবে মৃত্যুদণ্ড কার্যকরের এ উদ্যোগ ব্যর্থ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সময় শুক্রবার (২ অক্টোবর) তার আইনজীবীরা আদালতকে এক লিখিত বার্তায় জানান, ক্রিস্টিয়া বর্তমানে ন্যাশভিলের একটি হাসপাতালে অজ্ঞান অবস্থায় ভেন্টিলেটর সহায়তায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকরা তার শরীর থেকে পুশ করা পেনটোবারবিটাল উপাদানগুলো বের করার চেষ্টা করছেন। ইনজেকশন দেওয়ার মুহূর্তে তিনি উচ্চশব্দে কান্নাকাটি ও হাঁসফাঁস করছিলেন বলে জানান আইনজীবীরা।
১৯৯৫ সালে মাত্র ১৮ বছর বয়সে প্রেমিককে সঙ্গে নিয়ে কলিন স্লেমার (১৯) নামে এক সহপাঠীকে হত্যার দায়ে অভিযুক্ত হন ক্রিস্টিয়া। দীর্ঘ ৩২ বছর কারাগারে কাটানোর পর অবশেষে তার মৃত্যুদণ্ড কার্যকরের এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ঘটনার ভয়াবহতা ও দীর্ঘ সাজা ভোগের দিক বিবেচনা করে তার আইনজীবীরা এখন তাকে ক্ষমা করে দেওয়ার আকুল আবেদন জানাচ্ছেন। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের ইতিহাসে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ক্রিস্টিয়াই সবচেয়ে দীর্ঘ ও কঠিন শাস্তি ভোগ করেছেন, তাই মানবিক কারণে তাকে ক্ষমা করা উচিত।
এসআর