ভারতের দিল্লিতে পৌঁছানোর পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটক করেছে পুলিশ।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে দলটির ঘোষিত বিক্ষোভে অংশ নিতে তাঁরা সেখানে গিয়েছিলেন। দিল্লি যাত্রার আগে অভিজিৎ দীপক জানিয়েছিলেন, আন্দোলনে অংশ নেওয়ার কারণে গ্রেপ্তার হতে হলেও তিনি পিছিয়ে আসবেন না।
তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকার নিরাপত্তাব্যবস্থা ও বিভিন্ন বিধিনিষেধের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে।
বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় অন্তত ৬০০ জনকে আটক করা হয়েছে।
সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ, যানবাহনের পথ পরিবর্তন, ব্যারিকেড স্থাপন এবং গাড়ি তল্লাশি শুরু হয়।
এ ছাড়া নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে মেট্রো চলাচলে বিধিনিষেধ, কয়েকটি ট্রেন বাতিল এবং রাজধানীর কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিক্ষোভ ঘিরে নেওয়া এসব পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিজিৎ দীপক। তাঁর দাবি, সরকারের সমালোচনায় সোচ্চার তরুণ ও সাধারণ নাগরিকদের আন্দোলন থেকে দূরে রাখতেই এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
এসআর