‘প্রতিটি মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে হবে’ পর্যাপ্ত ও নিরাপদ আবাসনকে মানুষের মর্যাদা, নিরাপত্তা ও সম্ভাবনার ভিত্তি হিসেবে উল্লেখ করে বিশ্বজুড়ে সবার জন্য আবাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।
বিশ্ব বসতি দিবসে জাতিসংঘ মহাসচিবের আহ্বানবিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, পর্যাপ্ত আবাসন একটি সর্বজনীন মানবাধিকার হলেও বিশ্বে ৩০০ কোটিরও বেশি মানুষ এই অধিকার থেকে বঞ্চিত। এর মধ্যে ১০০ কোটির বেশি মানুষ অনানুষ্ঠানিক বসতি ও বস্তিতে বসবাস করছেন। আরও বহু মানুষ গৃহহীনতা, সংঘাত, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন।
"আবাসন শুধু থাকার জায়গা নয়" জাতিসংঘ মহাসচিব বলেন, পর্যাপ্ত আবাসনে বিনিয়োগ এবং অনানুষ্ঠানিক বসতিগুলোর উন্নয়ন দারিদ্র্য কমাতে, বৈষম্য মোকাবিলায়, জলবায়ু সহনশীলতা বাড়াতে এবং শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাঁর মতে, মানুষের জন্য নিরাপদ ও পর্যাপ্ত আবাসন নিশ্চিত করা শুধু আবাসন খাতের বিষয় নয়; এর সঙ্গে দারিদ্র্য, বৈষম্য, জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং সামাজিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও সরাসরি যুক্ত।
জাতিসংঘ মহাসচিব বলেন, এই লক্ষ্য অর্জনে স্থানীয় থেকে জাতীয়—সব পর্যায়েই সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জাতীয় ও স্থানীয় সরকারকে সাহসী নীতি গ্রহণ, কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা এবং নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।
একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোকে বৃহৎ পরিসরে আবাসন খাতে বিনিয়োগের সুযোগ করে দিতে আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তাঁর বক্তব্য অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোর আবাসন খাতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করতে অর্থায়ন হতে হবে পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য এবং সাশ্রয়ী।
বিশ্ব বসতি দিবসের বার্তার শেষাংশে জাতিসংঘ মহাসচিব আবাসনকে শুধু বাজারভিত্তিক পণ্য হিসেবে না দেখে জনকল্যাণের বিষয় হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।
তিনি এমন একটি বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান, যেখানে প্রত্যেক মানুষের নিজের বলে ডাকার মতো একটি নিরাপদ আবাসন থাকবে।
মূল বার্তা:
“Housing as a public good” — আবাসনকে জনকল্যাণের বিষয় হিসেবে বিবেচনা করে সবার জন্য ঘরের নিশ্চয়তা গড়ে তোলা।
এসআর