[email protected] সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি বেগে হারিকেন ‘ইসাইয়াস’-এর আঘাত: বিদ্যুৎহীন ফ্লোরিডার ৬০% এলাকা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬ ১১:৫৫ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেসটিন শহরের উপকূলে ক্যাটাগরি-২ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড়

 ‘ইসাইয়াস’ আঘাত হেনেছে। আঘাত হানার সময় ঝড়টির স্থায়ী বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৯ কিলোমিটার। ২০২৬ সালের আটলান্টিক হারিকেন মৌসুমে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা এটিই প্রথম ক্যাটাগরি-২ মাত্রার হারিকেন।

​শনিবার (১০ অক্টোবর) ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাতে জানা গেছে, ঝড়ের তীব্রতা বৃদ্ধির সময় ফ্লোরিডার সান্তা রোসা বিচে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৬ কিলোমিটার (১১৬ মাইল) পর্যন্ত পৌঁছায়। বর্তমানে এই ক্যাটাগরি-২ হারিকেনটি ফ্লোরিডার প্যানহ্যান্ডেল এলাকা অতিক্রম করে ঘণ্টায় ৩১ কিলোমিটার বেগে উত্তর দিকে অ্যালাবামা অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হচ্ছে।

​ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় তীব্র ঝোড়ো হাওয়ার পাশাপাশি ৩ থেকে ৫ ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। ঝড়ের তাণ্ডবে ইতিমধ্যে পাঁচ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিশেষ করে ফ্লোরিডার এস্কেম্বিয়া কাউন্টির প্রায় ৬০ শতাংশ এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ ছাড়া বাতাসে ভেঙে পড়া গাছপালা ও উড়ে আসা ধ্বংসাবশেষের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

​ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় জাতীয় আবহাওয়া সংস্থা ফ্লোরিডা ও জর্জিয়ার বেশ কিছু এলাকায় বন্যা, জলোচ্ছ্বাস ও টর্নেডোর আগাম সতর্কতা জারি করেছে। ফ্লোরিডায় একাধিক বড় সংগীত উৎসব বাতিল করার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল পার্ক সার্ভিস তাদের অধীনস্থ বেশ কয়েকটি উদ্যান বন্ধ ঘোষণা করেছে।

​পরিস্থিতি মোকাবিলায় এবং আগাম প্রস্তুতির অংশ হিসেবে অ্যালাবামার গভর্নর কেই আইভির (Kay Ivey) আবেদনের ভিত্তিতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যালাবামার কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারির অনুমোদন দিয়েছেন। উলেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর আঘাত হানা ‘হারিকেন মিল্টন’-এর পর এটিই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করা সবচেয়ে শক্তিশালী কোনো ঘূর্ণিঝড়।

এসআর

সম্পর্কিত খবর