কানাডায় আশ্রয় বা শরণার্থী হওয়ার আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও সুসংগঠিত করতে
নতুন নিয়ম চালু করছে দেশটি। আগামী ৩ নভেম্বর থেকে কানাডা সরকারের অনলাইন পোর্টালে এই নতুন নিয়ম কার্যকর হবে।
যেসব আবেদনকারী ইতোমধ্যে আবেদন শুরু করলেও এখনো জমা দেননি, তাদের জন্য ২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা দিলে তা পুরোনো নিয়মেই প্রক্রিয়া করা হবে এবং নতুন কোনো অতিরিক্ত তথ্যের প্রয়োজন হবে না। তবে ৩ নভেম্বর বা তার পর আবেদন সম্পন্ন করতে গেলে নতুন কিছু প্রশ্নের উত্তর দিয়ে আগের দেওয়া তথ্যগুলো পুনরায় যাচাই করতে হবে।
অন্যদিকে, কানাডার সীমান্ত সুরক্ষা সংস্থার (সিবিএসএ) মাধ্যমে আবেদনকারীদের ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন নিয়ম কার্যকরের আগেই সিবিএসএ-এর মাধ্যমে শুরু করা আবেদনগুলো পোর্টাল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করার তাগিদ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে তা না করলে পূর্বে সংগৃহীত তথ্য মুছে যাওয়ার ঝুঁকি রয়েছে।
কানাডা সরকার জানিয়েছে, পুরো আবেদন প্রক্রিয়া সহজ করা, বারবার একই তথ্য প্রদানের ঝামেলা এড়ানো এবং শরণার্থী বোর্ডের কার্যক্রমকে গতিশীল করতেই এই পরিবর্তন আনা হয়েছে। এর ফলে সঠিক ও সম্পূর্ণ আবেদনগুলো খুব সহজেই প্রয়োজনীয় বিভাগে পৌঁছে যাবে।
এসআর