[email protected] শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩

সৌদি বিমানবন্দরে হামলার নিন্দা পাকিস্তানি প্রধানমন্ত্রীর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬ ১১:২৮ এএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার কড়া

 সমালোচনা ও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সবসময় পাশে থাকবে বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন তিনি।

​সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ উল্লেখ করেন, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীরা এই হামলাগুলো পরিচালনা করে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হন।

​আকাশপথে আসা এই হামলা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করায় সৌদি সামরিক বাহিনী ও যৌথ জোটের তৎপরতার প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

​তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এবং কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির সাম্প্রতিক সিদ্ধান্তের আলোকেই সৌদি আরবের সার্বিক নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তান তার প্রতিশ্রুতি বজায় রাখছে। নিজ দেশের নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় যেকোনো পদক্ষেপ নেওয়ার জন্য সৌদি আরবের আত্মরক্ষার অধিকারকে পাকিস্তান সম্পূর্ণ সমর্থন করে বলে তিনি জানান।

​অবিলম্বে হুথি বিদ্রোহীদের এই ধরনের আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়ে শাহবাজ শরিফ যেকোনো পরিস্থিতিতে সৌদি আরবের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এই বক্তব্যের মাধ্যমে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের গভীর কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্কের বিষয়টি আবারও স্পষ্ট ফুটে উঠেছে।

এসআর

সম্পর্কিত খবর