[email protected] বৃহঃস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

২০২৭ হজ ঘিরে আগাম প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির সমন্বয় বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬ ১০:৩৩ পিএম

সংগৃহীত ছবি

২০২৭ সালের হজ মৌসুম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আগাম প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব।

এর অংশ হিসেবে বিশ্বের ৭৮টি দেশের হজবিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়।

 

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, হজযাত্রীদের সৌদি আরবে আগমনের আগেই প্রয়োজনীয় পরিকল্পনা চূড়ান্ত করা এবং বিভিন্ন দেশের সঙ্গে সেবাবিষয়ক সমন্বয় নিশ্চিত করাই এসব বৈঠকের মূল উদ্দেশ্য।

 

বৈঠকে হজ ব্যবস্থাপনার অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নির্ধারিত সময়সূচি বাস্তবায়ন, হজ প্যাকেজ প্রস্তুত এবং অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

 

এ ছাড়া হজযাত্রীদের থাকার ব্যবস্থা, যাতায়াত, খাবার সরবরাহ এবং অতিরিক্ত জনসমাগম নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় স্থান পায়। হজযাত্রীদের জন্য সচেতনতামূলক কার্যক্রম, প্রয়োজনীয় নির্দেশনা এবং সৌদি আরবে হজ পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান নিয়েও সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময় হয়েছে।

 

সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় বলেছে, বিভিন্ন দেশের প্রস্তুতি নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি সম্ভাব্য সমস্যাগুলো আগেই চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি প্রস্তুতিমূলক কাজের জন্য নির্দিষ্ট দায়িত্ব ও সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

 

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৭ সালের হজকে কেন্দ্র করে প্রস্তুতি কার্যক্রম শুরু হয় গত মে মাসে। সে সময় সংশ্লিষ্ট দেশগুলোর হজবিষয়ক দপ্তরে প্রস্তুতিসংক্রান্ত প্রয়োজনীয় নথি ও পরিচালন সূচি পাঠানো হয়। পাশাপাশি সর্বশেষ হজ মৌসুমের কার্যক্রমও পর্যালোচনা করা হয়েছে।

 

সৌদি কর্তৃপক্ষের মতে, আগাম সমন্বিত পরিকল্পনার মাধ্যমে হজযাত্রীদের জন্য আরও সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। সৌদি ভিশন ২০৩০-এর আওতায় পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্য বাস্তবায়নের সঙ্গেও এই প্রস্তুতি কার্যক্রম যুক্ত।

 

এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, হজের কার্যক্রম আগে থেকেই সমন্বয় করার ফলে সংশ্লিষ্ট দেশের হজ দপ্তর, সেবাদাতা প্রতিষ্ঠান এবং সৌদি কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও কার্যকর হবে।

এসআর

সম্পর্কিত খবর