আইটি-নির্ভর পোস্টাল ব্যালট ভোটিং ব্যবস্থা নিয়ে নেপাল নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
বৈঠকে নেপাল নির্বাচন কমিশনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে। দলটিতে নেপালের নির্বাচন কমিশনার ড. জনকী কুমারী তালুকদার ও ড. রাজীব সুব্বা, সেক্রেটারি কৃষ্ণা প্রসাদ কাপরি, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে এবং ডেপুটি অ্যাটর্নি কমলা কাফলে রয়েছেন। এছাড়া ইউএনডিপির প্রতিনিধি প্রভাত কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত আছেন।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং কার্যক্রমের অভিজ্ঞতা, ব্যবস্থাপনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইসি সূত্র জানায়, সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন অনুমোদিত ভোটার নিবন্ধন করেছিলেন।
তাদের মধ্যে ভোট দিয়েছেন ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছায় ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি পোস্টাল ব্যালট।
এর মধ্যে প্রবাসী ভোটারদের ৪ লাখ ৯৮ হাজার ২০৫টি ব্যালট গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তারা।
অন্যদিকে দেশের অভ্যন্তরে আইসিপিভি হিসেবে অবস্থানরত ভোটারদের কাছ থেকে গ্রহণ করা হয় ৬ লাখ ৬৭ হাজার ৩৮৮টি ভোট।
সব মিলিয়ে গ্রহণ করা বৈধ ভোটের সংখ্যা ছিল ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি।
এসআর