ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাজান ও নাজরান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়।
হামলায় বিমানবন্দর দুটির বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন সামান্য আহত হয়েছেন।
দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জাকা) এক বিবৃতিতে জানায়, আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
হামলার পর জরুরি সেবা ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
বিমানবন্দরগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
একই সঙ্গে যাত্রী ও বিমানবন্দরকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে হামলার জন্য কোনো পক্ষের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
তবে একই দিনে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের জাজান ও নাজরানসহ বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে।
হুথিরা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিঘ এলাকায় সৌদি আরামকোর একটি শোধনাগার এবং কয়েকটি সামরিক স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে।
এদিকে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার ঘটনায় হুথিদের নিন্দা জানিয়েছে সৌদি আরব।
দেশটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এ ধরনের হামলার মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানো হচ্ছে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোটও দেশটির দিকে আসা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এসআর