নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) নিয়মিত একটি মিশনে লাগোস যাওয়ার পথে অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
দেশটির এভিয়েশনমন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে উড্ডয়নের পর বিমানটির সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে এডো প্রদেশ থেকে লাগোস যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
একটি নৌঘাঁটির কাছাকাছি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শুরু করে নাইজেরিয়ার বিমানবাহিনী।
বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি ছিল এটিআর-৪২ মডেলের।
দুর্ঘটনাস্থলের উদ্ধার অভিযানের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে উদ্ধারকারীদের নৌযানে করে ঘটনাস্থলে যেতে দেখা যায়।
স্থানীয় একজন বাসিন্দার বরাতে জানা গেছে, বিমানটি মাটিতে আছড়ে পড়ার সময় কয়েকটি গাছ ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষ, পোশাক ও জুতা উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
সূত্র: ডয়চে ভেলে
এসআর