পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে অভিনেত্রী কোয়েল মল্লিককে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হন কোয়েল মল্লিক। তবে রাজ্যসভার কোনো অধিবেশনে অংশ নেওয়ার আগেই ১৬ জুলাই তিনি পদত্যাগ করেন। তার ছেড়ে দেওয়া আসনটিতেই এবার উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, পশ্চিমবঙ্গের শূন্য রাজ্যসভা আসনে ভোটগ্রহণ হবে আগামী ১৬ অক্টোবর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৬ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ অক্টোবর।
কোয়েল মল্লিকের পুরো নাম রুক্মিণী মল্লিক। তিনি প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে এবং বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ। মনোবিজ্ঞানে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন তিনি। ২০১৩ সালে নিসপাল সিংয়ের সঙ্গে তার বিয়ে হয়।
এ বছরের শুরুতে তৃণমূলের মনোনয়নে রাজ্যসভায় গেলেও কয়েক মাসের মধ্যেই সেই পদ ছাড়েন কোয়েল। এখন বিজেপির প্রার্থী হিসেবে নিজের ছেড়ে যাওয়া আসনেই ফের রাজ্যসভায় যাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নামছেন তিনি।
এসআর