[email protected] রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

ভিসা থাকলেও ভারতে প্রবেশ নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬ ১০:০৪ পিএম

সংগৃহীত ছবি

বৈধ ভিসা থাকলেই কোনো বিদেশি নাগরিকের ভারতে প্রবেশের অধিকার নিশ্চিত হয় না বলে পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের দিল্লি হাইকোর্ট।

দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয় বিবেচনায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে বিদেশি নাগরিককে প্রবেশের অনুমতি নাও দিতে পারে বলে জানিয়েছেন আদালত।

 

তুর্কমেনিস্তানের এক নারী নাগরিকের করা মামলার শুনানিতে এ পর্যবেক্ষণ আসে। ওই নারী বৈধ ব্যবসায়িক ভিসা নিয়ে ভারতে পৌঁছানোর পরও দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠায়। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি ও তার স্বামী আদালতের দ্বারস্থ হন।

 

মামলাটি পর্যালোচনা করে আদালত জানতে পারে, ওই নারী এর আগে এক বছরের মধ্যে প্রায় ৪৭ বার ভারতে যাতায়াত করেছিলেন। এসব সফরের অধিকাংশই ছিল স্বল্প সময়ের। একই সঙ্গে ব্যবসায়িক ভিসা থাকলেও তার কাছে প্রকৃত ব্যবসা পরিচালনার প্রমাণ বা সংশ্লিষ্ট কোনো আমন্ত্রণপত্র পাওয়া যায়নি।

 

আদালত স্পষ্ট করে জানায়, কোনো দেশের ভিসা পাওয়া এবং সেই দেশে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে প্রবেশের অনুমতি পাওয়া একই বিষয় নয়। ভিসা থাকলেও একজন বিদেশি নাগরিককে অবশ্যই দেশে প্রবেশের অনুমতি দিতে হবে—এমন বাধ্যবাধকতা নেই।

 

বিচারপতিরা বলেন, বিদেশি নাগরিকের প্রবেশের বিষয়টি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা, আইন ও অন্যান্য পরিস্থিতি বিবেচনা করার এখতিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের রয়েছে।

 

মামলার সার্বিক বিষয় বিবেচনা করে দিল্লি হাইকোর্ট ওই নারীকে ভারতে প্রবেশে বাধা দেওয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত বহাল রেখেছেন।

 

এসআর

সম্পর্কিত খবর