সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৭ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫ ডলারে উঠেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫৩ ডলার বা ১ দশমিক ৫১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৯২ ডলারে পৌঁছেছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেল অবকাঠামোয় নতুন কোনো হামলা বা ক্ষয়ক্ষতির খবর এলেই বাজারসংশ্লিষ্টরা সেটিকে সরবরাহ ব্যবস্থার জন্য অতিরিক্ত ঝুঁকি হিসেবে বিবেচনা করছেন।
সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে কোনো অগ্রগতি হচ্ছে কি না, সেদিকেও নজর রাখছেন ব্যবসায়ীরা।
এর মধ্যে সপ্তাহান্তে হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজের চলাচলও উল্লেখযোগ্যভাবে কমেছে।
সেখানে দিনে জাহাজ চলাচলের সংখ্যা ১০টির নিচে নেমে এসেছে। অথচ আগের ১০ দিনে প্রতিদিন গড়ে ১৪টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে।
গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল কমে যাওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে।
এসআর