আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এক সতর্কবার্তায় নিশ্চিত করেছে যে, স্থানীয় সময় ১২ সেপ্টেম্বর রাত ১১টায় তারা এই হামলার খবর পায়। হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও ক্ষেপণাস্ত্রটি ঠিক কোথা থেকে ছোড়া হয়েছিল, তা এখনো জানা যায়নি।
ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। তাৎক্ষণিকভাবে জাহাজের ক্রুদের শারীরিক অবস্থা, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ কিংবা পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা স্পষ্ট নয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে অত্যন্ত সতর্কতার সঙ্গে যাতায়াত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।
এসআর