যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্নের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়ছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৭ ডলারের কাছাকাছি চলে যায়।
সকাল সাড়ে ৮টার বাজারদর অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের মূল্য ০.৪৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৬৯ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ০.৬০ শতাংশ বেড়ে ৯২.০৩ ডলারে ওঠে।
তবে সব ধরনের জ্বালানির দাম একইভাবে বাড়েনি। মারবান ক্রুডের মূল্য ১.৩৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩.৩০ ডলারে নেমেছে।
এ ছাড়া প্রাকৃতিক গ্যাসের দামও ১.৫ শতাংশ কমে ২.৯২৯ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের উত্থান দেখা যায়। জুলাইয়ের পর ওই সপ্তাহেই তেলের দামে সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি ঘটে।
ব্রেন্টের দাম ৭.৬ শতাংশ বেড়ে ৯৬.২৮ ডলার এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে ৯১.৪৮ ডলারে পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ কতটা স্বাভাবিক থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আর এই সরবরাহ ঝুঁকির কারণেই তেলের দামের সঙ্গে অতিরিক্ত ঝুঁকি-প্রিমিয়াম যুক্ত হচ্ছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালিতে বর্তমানে ট্যাংকার চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।
রয়টার্সের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একটি নির্দিষ্ট সময়ে মাত্র চারটি জাহাজ এই প্রণালি অতিক্রম করতে পেরেছে। অথচ স্বাভাবিক সময়ে ১০ দিনের গড়ে প্রতিদিন প্রায় ১৩টি জাহাজ এই পথে চলাচল করে।
অন্যদিকে, মার্কিন কর্মকর্তাদের দাবি, একদিনে সর্বোচ্চ প্রায় ১৭ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়েছে।
মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ নিয়ে উদ্বেগের প্রভাবে ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআইয়ের দামের ব্যবধানও বেড়েছে।
বর্তমানে ব্রেন্ট প্রতি ব্যারেলে ডব্লিউটিআইয়ের চেয়ে প্রায় ৪.৬৬ ডলার বেশি দামে লেনদেন হচ্ছে।
বাজার বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত আরও তীব্র হলে কিংবা তেল উৎপাদন ও পরিবহন অবকাঠামোর ওপর ক্ষয়ক্ষতি হলে সরবরাহ সংকট আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে।
সূত্র: গালফ নিউজ
এসআর