[email protected] শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩

মক্কা চুক্তি আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৬ ১:৩২ এএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি কার্যকর হয়েছে।

চুক্তির আওতায় তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।

এদিকে জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ পরিষদের বৈঠকের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ।

একই সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারত্বকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের সফর হয়েছে।

এসব সফরের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হয়েছে। সামনে আরও উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনার কথাও তিনি বৈঠকে তুলে ধরেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশে সৌদি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানেরও প্রশংসা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে হুমায়ুন কবির সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এদিকে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বৃহস্পতিবার বিকেলে এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ‘মক্কা চুক্তি’ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, মক্কা চুক্তিকে মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে এটি তিন দেশের মধ্যে সম্পাদিত হয়েছে এবং বাংলাদেশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। তবে এতে বাংলাদেশের যোগদানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিতে বাংলাদেশকে যুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে কোনো প্রস্তাব এলে তখন বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

তিনি আরও বলেন, চুক্তিটি যদি ভবিষ্যতে আরও বিস্তৃত হয় এবং মুসলিম দেশগুলোর পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করার কাঠামো হিসেবে কাজ করে, তাহলে বাংলাদেশও বিষয়টি বিবেচনায় রাখবে।

উল্লেখ্য, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিটি গত ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

চুক্তির বিধান অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা অন্য সদস্য দেশগুলোর ওপরও হামলা হিসেবে বিবেচিত হবে।

বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খারেজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর